রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীদের হ্যাঁচকা টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকা রনজিনা পারভীনের (৫৫) মৃত্যুর ঘটনায় দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল, ছিনতাইকৃত মালামাল ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রাজধানীর একটি এলাকা থেকে ওই দুই সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে বুধবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানোর কথা রয়েছে।
পুলিশ ও মামলার তথ্য অনুযায়ী, গত ২৯ আগস্ট সকাল সাড়ে ৬টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে রনজিনা পারভীন রিকশায় করে যাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলে আসা ছিনতাইকারীরা রিকশার পেছন থেকে তাঁর ব্যাগ ধরে সজোরে টান দেয়।
হ্যাঁচকা টানে রনজিনা রিকশা থেকে ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রনজিনা পারভীন বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। তিনি চিকিৎসার জন্য স্বামীর সঙ্গে বগুড়া থেকে ঢাকায় এসেছিলেন। ফার্মগেটের ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালে যাওয়ার পথেই তিনি ছিনতাইকারীদের কবলে পড়েন।
ঘটনার পর নিহত শিক্ষিকার পরিবারের পক্ষ থেকে গত ৩০ আগস্ট রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা করা হয়। মামলার তদন্তের ধারাবাহিকতায় দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল এবং ছিনতাই করা মালামাল উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ইয়াবা ট্যাবলেটও পাওয়া গেছে বলে ডিবি জানিয়েছে।
এর আগে ঘটনার পরপরই র্যাব-২ সন্দেহভাজন হিসেবে মো. পনি ওরফে প্যারা পনি এবং তাঁর এক সহযোগীকে গ্রেফতার করেছিল এবং ছিনতাইয়ে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করেছিল।
বর্তমানে ডিবির হাতে গ্রেফতার দুই ব্যক্তির কাছ থেকে উদ্ধার হওয়া আলামত ও তাদের সংশ্লিষ্টতা নিয়ে তদন্ত চলছে। পুলিশের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানানোর কথা রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন