নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৪৭ হাজার টাকার জাল নোটসহ তারিকুল ইসলাম মল্লিক (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় জাল নোট তৈরিতে ব্যবহৃত একটি কম্পিউটার মনিটর, দুটি সিপিইউ, একটি কালার প্রিন্টার ও একটি স্ক্যানার জব্দ করা হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর ২০২৬) নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি দল নওগাঁ সদর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে, সদর উপজেলার পয়না বাজারে তারিকুল ইসলাম মল্লিকের মালিকানাধীন ‘মল্লিক ডিজিটাল স্টুডিও ল্যাব প্রিন্ট অ্যান্ড ফটোকপি টেলিকম’ দোকানে কম্পিউটারের মাধ্যমে জাল টাকা তৈরি করা হচ্ছে।
সংবাদের ভিত্তিতে বিকেল ৩টা ১৫ মিনিটের দিকে ডিবি পুলিশের একটি দল ওই দোকানে অভিযান চালায়। এ সময় বাজারে উপস্থিত লোকজনের সামনে তারিকুল ইসলাম মল্লিকের দেহ তল্লাশি করা হয়। তল্লাশিতে তার হেফাজত থেকে এক হাজার টাকা মূল্যমানের ৪৭টি জাল নোট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া জাল নোটের মোট মূল্য ৪৭ হাজার টাকা।
অভিযানের সময় দোকান থেকে একটি কম্পিউটার মনিটর, দুটি সিপিইউ, একটি কালার প্রিন্টার এবং একটি স্ক্যানার জব্দ করা হয়। পুলিশের দাবি, জব্দ করা কম্পিউটারে জাল নোট তৈরির সঙ্গে সংশ্লিষ্ট তথ্য পাওয়া গেছে।
গ্রেফতার তারিকুল ইসলাম মল্লিক পয়না বাজার এলাকার বাসিন্দা। এ ঘটনায় তার বিরুদ্ধে নওগাঁ সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, জাল নোট তৈরি, সরবরাহ ও প্রচলনের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন