মাসুদুর রহমান। জামালপুর প্রতিনিধি :
জামালপুরের মাদারগঞ্জে জুয়ার আসরে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের জোড়খালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড সভাপতি ও ইউপি সদস্য হামিদুর রহমান (৪০)সহ চারজনকে গ্রেফতার করেছে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ।
গ্রেফতার কৃত অন্যরা হলেন—চর জোড়খালী গ্রামের মৃত আব্দুল মালেক মন্ডলের ছেলে মো. হাসিজল (৩৮), সোহরাব শেখের ছেলে মো. হাফিজুর (২৮) এবং মৃত রওন আলী শেখের ছেলে মো. নায়েব আলী (নাতু) (৫০)।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত ১টা ৪০ মিনিটের দিকে মাদারগঞ্জ উপজেলার ৫ নম্বর জোড়খালী ইউনিয়নের চর জোড়খালী এলাকায় মো. নায়েব আলীর (নাতু) বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় জুয়ার আসর থেকে চারজনকে গ্রেফতার করা হয়।
অভিযানে জুয়া খেলার কাজে ব্যবহৃত এক বান্ডেল তাস, নগদ ২ হাজার ৭ টাকা এবং একটি ফোমের প্লাস্টিকের ছেঁড়া অংশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় মাদারগঞ্জ মডেল থানার এসআই মো. আশরাফুল আলম বাদী হয়ে জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করেছেন। নতুন জুয়া প্রতিরোধ আইন, ২০২৬ অনুযায়ী জুয়ার অপরাধে সর্বোচ্চ দুই বছর কারাদণ্ড বা সর্বোচ্চ দুই লাখ টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে।
পুলিশ আরও জানায়, গ্রেফতার হামিদুর রহমান ও হাসিজলকে নাশকতার অভিযোগে দায়ের করা মামলাতেও গ্রেফতার দেখানো হয়েছে।
মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) স্নেহাশীষ রায় মঙ্গলবার দুপুর ২টার দিকে মুঠোফোনে এ প্রতিবেদককে জানান, জুয়ার বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি হামিদুর রহমান ও হাসিজলের বিরুদ্ধে নাশকতার অভিযোগ থাকায় তাদের ওই মামলাতেও গ্রেফতার দেখানো হয়েছে।
তিনি আরও জানান, নাশকতা ও নৈরাজ্য প্রতিরোধে মাদারগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় রাত্রীকালীন টহল ও নজরদারি বাড়ানো হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন