নিজস্ব প্রতিনিধিঃ লালমনিরহাটের পাটগ্রামে যান্ত্রিক ত্রুটির কারণে নিয়ন্ত্রণ হারানো একটি ট্রাকের চাপায় যাত্রীবাহী অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও সাতজন আহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচজনকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের ঘুন্টি এলাকায় বুড়িমারী-লালমনিরহাট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—বুড়িমারী ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকার মাছ ব্যবসায়ী নুর আমিন, একই ইউনিয়নের গুড়িয়াটারী এলাকার মাছ ব্যবসায়ী ফাতুল মিয়া এবং ব্যবসায়ী সাইফুল ইসলাম।
পুলিশ ও স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, সকালে বুড়িমারী স্থলবন্দর থেকে একটি যাত্রীবাহী অটোরিকশা পাটগ্রামের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে বুড়িমারী স্থলবন্দরের দিকে যাচ্ছিল একটি ট্রাক। ঘুন্টি এলাকায় পৌঁছালে ট্রাকটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়।
ধাক্কার পর ট্রাকটি সড়কের পাশের একটি দোকানের ভেতরে ঢুকে পড়ে এবং অটোরিকশাটিও চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। অটোরিকশায় থাকা অন্য যাত্রীরা আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে পাটগ্রাম ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে যান। তারা আহতদের উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মোস্তাকীন নামে আরও একজনের মৃত্যু হয়। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়ায় তিনজনে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের প্রাথমিক চিকিৎসা শেষে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহতদের পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয়রা জানান, দুর্ঘটনার শিকার ব্যক্তিরা মাছ ও অন্যান্য মালামাল কিনতে পাটগ্রামের দিকে যাচ্ছিলেন। তবে দুর্ঘটনার পর কিছু সময় সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখন পর্যন্ত তিনজন নিহত ও সাতজন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
দুর্ঘটনার প্রকৃত কারণ ও ট্রাকটির যান্ত্রিক ত্রুটির বিষয়ে পুলিশ তদন্ত করছে।

একটি মন্তব্য পোস্ট করুন