জামালপুর প্রতিনিধি:
উৎসবমুখর পরিবেশ আর তুমুল উত্তেজনার মধ্য দিয়ে শেষ হয়েছে জামালপুর জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল। বহুল প্রতীক্ষিত ফাইনাল ঘিরে জামালপুর জেলা স্টেডিয়ামে নামে দর্শকের ঢল। কয়েক হাজার ক্রীড়াপ্রেমীর উপস্থিতিতে পুরো স্টেডিয়াম ও আশপাশের এলাকা পরিণত হয় উৎসবের মঞ্চে।
রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে অনুষ্ঠিত ফাইনালে মুখোমুখি হয় মেলান্দহ উপজেলা ফুটবল দল ও সরিষাবাড়ী উপজেলা ফুটবল দল। গুরুত্বপূর্ণ এই ম্যাচ দেখতে জেলার বিভিন্ন উপজেলা থেকে ফুটবলপ্রেমীরা ছুটে আসেন জামালপুর জেলা স্টেডিয়ামে।
ফাইনাল ঘিরে খেলা শুরুর আগেই স্টেডিয়ামের গ্যালারি কানায় কানায় পূর্ণ হয়ে যায়। দর্শকের সংখ্যা এতটাই বেশি ছিল যে, অনেককে স্টেডিয়ামের বাইরেও অবস্থান করতে দেখা যায়। প্রিয় দলের সমর্থনে দর্শকদের উচ্ছ্বাস, স্লোগান ও করতালিতে পুরো এলাকা মুখর হয়ে ওঠে।
টুর্নামেন্টে জেলার সাতটি উপজেলা ও একটি পৌরসভা দল অংশ নেয়। গত ২৩ আগস্ট টুর্নামেন্টটির উদ্বোধন করা হয়। মাঠপর্যায় থেকে প্রতিভাবান ফুটবলার খুঁজে বের করা এবং স্থানীয় পর্যায়ে ফুটবলের প্রতি আগ্রহ বাড়ানো ছিল এই আয়োজনের অন্যতম লক্ষ্য।
ফাইনালের আগে মেলান্দহ শক্তিশালী মাদারগঞ্জ উপজেলা দলকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয়। ওই সেমিফাইনালেও জামালপুর জেলা স্টেডিয়ামে হাজার হাজার দর্শকের উপস্থিতি ছিল।
ফাইনাল ম্যাচেও দুই দলের খেলোয়াড়রা জয়ের জন্য সর্বোচ্চ চেষ্টা করেন। নির্ধারিত সময়ের লড়াই শেষে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে মেলান্দহকে ৩-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে সরিষাবাড়ী উপজেলা ফুটবল দল।
খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, জামালপুরের জেলা প্রশাসক ইউসুফ আলীসহ জেলার বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি ও কর্মকর্তারা।
ফাইনালকে ঘিরে বিপুল দর্শকসমাগম জামালপুরের স্থানীয় ক্রীড়াঙ্গনে নতুন প্রাণের সঞ্চার করেছে। আয়োজকদের মতে, এ ধরনের প্রতিযোগিতা নিয়মিত আয়োজন হলে স্থানীয় পর্যায়ে প্রতিভাবান ফুটবলার তৈরির পাশাপাশি তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ আরও বাড়বে।

একটি মন্তব্য পোস্ট করুন