জামালপুর প্রতিনিধি: জামালপুরের মেলান্দহ উপজেলার আমবাড়িয়া রোকনাই গ্রামে জমি-সংক্রান্ত বিরোধের জেরে এক মুদি দোকানে চুরির অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবারের দাবি, পূর্ববিরোধের ধারাবাহিকতায় দুর্বৃত্তরা দোকানের টিন কেটে ভেতরে প্রবেশ করে নগদ অর্থসহ প্রায় দেড় লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে।
স্থানীয় সূত্র ও ভুক্তভোগী পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, উপজেলার রোকনাই গ্রামের মুদি ব্যবসায়ী মাসুম রহমানের বাড়ির সঙ্গে লাগোয়া দোকানে ৩ আগস্ট দিবাগত রাতের যেকোনো সময়ে চুরির ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবারের দাবি, মাসুম রহমানের বাবা মনোয়ার হোসেনের সঙ্গে একই এলাকার নুরই ইসলাম ও তার জেঠাতো ভাই মনু মোল্লার দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছে। এ বিরোধ বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে।
অভিযোগ রয়েছে, গত ৩০ জুলাই ২০২৬ তারিখে জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষ দেশীয় অস্ত্র নিয়ে মাসুম রহমানের বাড়িতে হামলা চালায়। এ ঘটনায় মনোয়ার হোসেন মেলান্দহ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ বিষয়টি তদন্ত করে বলে পরিবারটির দাবি।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, ওই ঘটনার জের ধরে ৩ আগস্ট রাতে দোকানের টিন কেটে ভেতরে প্রবেশ করে নগদ প্রায় ১৫ হাজার টাকা, প্রায় ৫০ হাজার টাকার সিগারেটের কার্টন, বিস্কুট ও বিভিন্ন মনোহারি পণ্য, প্রায় ২০ হাজার টাকার কেরোসিনসহ সর্বমোট আনুমানিক দেড় লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যাওয়া হয়।
এলাকাবাসীর দাবি, চুরির রাতে জমি-সংক্রান্ত বিরোধে জড়িত কয়েকজনকে দোকানের আশপাশে মাছ শিকার করতে দেখা গেছে। তবে তারা সরাসরি চুরির সঙ্গে জড়িত ছিলেন কি না, তা এখনো আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তে নিশ্চিত হয়নি।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনার রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে মেলান্দহ থানার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভুক্তভোগী মুদি ব্যবসায়ী মাসুম রহমান চুরির ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

0 মন্তব্যসমূহ