জামালপুর প্রতিনিধি:
জামালপুর শহরের শেখের ভিটা রেলক্রসিং এলাকায় একটি ফ্ল্যাট থেকে ইশরাত জাহান (৩০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ফ্ল্যাটের একটি কক্ষে তালাবদ্ধ অবস্থায় পাওয়া গেছে তার দুই শিশু সন্তানকে। পরে তাদের জীবিত উদ্ধার করা হয়। এ ঘটনার পর থেকে নিহতের স্বামী কাউসার আহাম্মেদ শাওন (৩৫) নিখোঁজ রয়েছেন।
রোববার (২৩ আগস্ট) সকালে শহরের শেখের ভিটা রেলক্রসিং সংলগ্ন বাবুল মিয়ার ছয়তলা ভবনের পঞ্চম তলার একটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।
নিহত ইশরাত জাহানের দুই সন্তানের মধ্যে মেয়ে স্নেহার বয়স ১০ বছর এবং ছেলের বয়স ৫ বছর।
স্থানীয়দের ভাষ্য, রোববার সকাল থেকে ওই ফ্ল্যাটের জানালা দিয়ে দুই শিশুকে বারবার পানি চাইতে দেখা যায়। একপর্যায়ে তাদের কান্নার শব্দ শুনে আশপাশের বাসিন্দাদের সন্দেহ হয়। বিষয়টি ভবনের মালিকপক্ষকে জানালে তারা ফ্ল্যাটটির মূল দরজায় বাইরে থেকে তালা লাগানো দেখতে পান।
পরে স্থানীয়রা তালা ভেঙে ফ্ল্যাটে প্রবেশ করে দুই শিশুকে উদ্ধার করেন। এ সময় ফ্ল্যাটের একটি কক্ষে এক নারীর নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে জামালপুর সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ইশরাত জাহানের মরদেহ উদ্ধার করে। পরে ঘটনাস্থলে প্রাথমিক তদন্ত ও সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
স্থানীয় বাসিন্দা মৌসুমী আক্তার বলেন, “জানালা দিয়ে বাচ্চা দুটো পানি চাইছিল। পরে স্থানীয়রা গিয়ে তালা ভেঙে তাদের বের করে আনে। ভেতরে ঢুকে এক নারীর মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়।”
ঘটনার পর থেকে নিহতের স্বামী কাউসার আহাম্মেদ শাওনের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। তবে ইশরাত জাহানের মৃত্যু কীভাবে হয়েছে এবং এ ঘটনার সঙ্গে তার স্বামীর কোনো সম্পৃক্ততা রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।”
পুলিশ বলছে, ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের অগ্রগতির পরই গৃহবধূর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। পাশাপাশি নিখোঁজ স্বামী কাউসার আহাম্মেদ শাওনের সন্ধানেও চেষ্টা চলছে।

একটি মন্তব্য পোস্ট করুন