প্রগতি ডেস্কঃ রাজধানীর ঐতিহ্যবাহী ঢাকা আলিয়া মাদ্রাসা ক্যাম্পাসে ছাত্রদল ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা নিরসনে একটি সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে অতীতের ঘটনাকে কেন্দ্র করে পরস্পরকে দোষারোপ না করে ভবিষ্যতে ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশ ও সহাবস্থান নিশ্চিত করার বিষয়ে একমত হয়েছেন দুই সংগঠনের নেতারা।
রোববার (৯ আগস্ট) মাদ্রাসা ক্যাম্পাসে অনুষ্ঠিত এই বৈঠকে রাজনৈতিক ও প্রশাসনিক পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠকে বিএনপির পক্ষ থেকে মধ্যস্থতা করেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য মো. হামিদুর রহমান হামিদ এবং জামায়াতের পক্ষ থেকে মধ্যস্থতা করেন ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মো. কামাল হোসেন।
এ সময় ঢাকা মহানগর পুলিশের একজন উপকমিশনার (ডিসি), মাদ্রাসার উপাধ্যক্ষ, শিক্ষক প্রতিনিধিরা, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) জিএস এস এম ফরহাদসহ সংশ্লিষ্ট দুই ছাত্র সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বৈঠকে অংশগ্রহণকারীরা জানান, সম্প্রতি ক্যাম্পাসে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছিল। তবে সামগ্রিক শিক্ষার পরিবেশ ও শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে উভয় পক্ষই সংযম প্রদর্শনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, ভবিষ্যতে কোনো ধরনের সহিংসতা বা সংঘাত এড়াতে উভয় সংগঠন নিয়মিত যোগাযোগ বজায় রাখবে এবং যেকোনো সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করবে। পাশাপাশি ক্যাম্পাসে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করার বিষয়েও সম্মতি দেওয়া হয়।
উপস্থিত প্রশাসনিক কর্মকর্তারা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক সহিংসতা কোনোভাবেই কাম্য নয়। তারা সবাইকে আইন মেনে চলা ও শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, এই সমঝোতা বৈঠকের মাধ্যমে ঢাকা আলিয়া মাদ্রাসা ক্যাম্পাসে বিরাজমান উত্তেজনা প্রশমিত হবে এবং শিক্ষার্থীরা স্বাভাবিক পরিবেশে তাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে পারবে।

0 মন্তব্যসমূহ