প্রগতি বার্তা
ব্রেকিং নিউজ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
◷ 00:00:00

মধ্যস্থতায় কমতে পারে ৪৫ লাখ মামলার জট, জানালেন আইনমন্ত্রী।

আইনমন্ত্রী

প্রগতিবার্তা ডেস্কঃ দেশের বিচারব্যবস্থায় বছরের পর বছর ধরে জমে থাকা মামলার জট নিরসনে নতুন করে আশার কথা শুনিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, মামলাপূর্ব বাধ্যতামূলক মধ্যস্থতা (Mandatory Pre-case Mediation) কার্যকরভাবে বাস্তবায়ন করা গেলে বর্তমানে বিচারাধীন প্রায় ৪৫ লাখ মামলার জট উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা সম্ভব।

রাজধানীর সচিবালয় থেকে ভার্চুয়ালি ১০টি জেলায় মামলাপূর্ব বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানের আয়োজন করে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় এবং জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা।

আইনমন্ত্রী বলেন, দেশের আদালতগুলোতে বিপুলসংখ্যক মামলা বিচারাধীন থাকায় বিচারপ্রার্থীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। অনেক ক্ষেত্রে একটি মামলার নিষ্পত্তি হতে বছরের পর বছর লেগে যায়। কিন্তু আদালতে মামলা দায়েরের আগেই যদি আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির সুযোগ তৈরি করা যায়, তাহলে নতুন মামলার সংখ্যা কমবে এবং বিচারব্যবস্থার ওপর চাপও অনেকটা হ্রাস পাবে।

তিনি আরও বলেন, মধ্যস্থতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি হলে সাধারণ মানুষ কম সময়ে, কম খরচে এবং কম হয়রানিতে তাদের আইনি সমস্যার সমাধান পাবেন। একই সঙ্গে আদালতগুলো গুরুত্বপূর্ণ ও জটিল মামলার নিষ্পত্তিতে আরও বেশি মনোযোগ দিতে পারবে।

আইনমন্ত্রী জানান, পরীক্ষামূলকভাবে যেসব জেলায় মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রম চালু করা হয়েছিল, সেখানে নতুন মামলা দায়েরের হার গড়ে ৬২ দশমিক ২ শতাংশ পর্যন্ত কমেছে। এই ইতিবাচক অভিজ্ঞতার ভিত্তিতেই সরকার পর্যায়ক্রমে দেশের আরও জেলায় এ কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে।

তিনি বিচারক, আইনজীবী এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যেসব বিরোধ আদালতের বাইরে সমঝোতার মাধ্যমে নিষ্পত্তি করা সম্ভব, সেগুলো মধ্যস্থতার জন্য জেলা লিগ্যাল এইড অফিসে পাঠানো উচিত। এতে বিচারপ্রার্থীরা দ্রুত সেবা পাবেন এবং আদালতের মামলার চাপও কমবে।

অনুষ্ঠানে জানানো হয়, আইনগত সহায়তা প্রদান (সংশোধন) আইন, ২০২৬-এর আওতায় বগুড়া, ঠাকুরগাঁও, পটুয়াখালী, ভোলা, নাটোর, যশোর, শরীয়তপুর, কক্সবাজার, পঞ্চগড় ও টাঙ্গাইল—এই ১০ জেলায় মামলাপূর্ব বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু করা হয়েছে। নির্ধারিত কিছু দেওয়ানি বিরোধের ক্ষেত্রে আদালতে মামলা করার আগে জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে মধ্যস্থতার চেষ্টা বাধ্যতামূলক করা হয়েছে।

আইন মন্ত্রণালয়ের আশা, এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হলে বিচারপ্রার্থীদের ভোগান্তি কমবে, মামলার জট হ্রাস পাবে এবং দেশের বিচারব্যবস্থা আরও দ্রুত, কার্যকর ও জনবান্ধব হয়ে উঠবে।

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন
📢 আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন
প্রগতি বার্তা
আপনার ব্যবসা ও প্রতিষ্ঠানের প্রচার করুন
হাজারো পাঠকের কাছে পৌঁছে দিন আপনার বিজ্ঞাপন
progatibarta.com

💬 WhatsApp এ যোগাযোগ করুন
সরাসরি যোগাযোগ: ০১৩০৯০৮১৪৯০

𝑷𝒓𝒐𝒈𝒂𝒕𝒊𝑩𝒂𝒓𝒕𝒂

প্রগতি বার্তা
সত্যের সন্ধানে নির্ভীক