কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. আনোয়ার হোসেন মিশনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২১ আগস্ট) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের নাইঘর গ্রামের মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানিয়েছে, আনোয়ার হোসেন মিশন জুলাই গণঅভ্যুত্থান-সংশ্লিষ্ট একটি মামলার এজাহারনামীয় আসামি।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে নাইঘর গ্রামের মধ্যপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একটি দল। এ সময় ওই এলাকা থেকে আনোয়ার হোসেন মিশনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আনোয়ার হোসেন মিশনের বয়স ৩১ বছর। তিনি ব্রাহ্মণপাড়া উপজেলার সদর ইউনিয়নের নাইঘর গ্রামের মধ্যপাড়া এলাকার আব্দুল ওয়াদুদের ছেলে। তিনি ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
পুলিশের ভাষ্য অনুযায়ী, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে তার বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থান-সংশ্লিষ্ট একটি মামলা করা হয়। ওই মামলায় তাকে এজাহারনামীয় আসামি করা হয়েছিল। সেই মামলার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।
ব্রাহ্মণপাড়া থানার ওসি মো. ফারুক হোসেন জানান, আনোয়ার হোসেন মিশনের বিরুদ্ধে এর আগেও মামলা রয়েছে। গত বছরও তিনি গণঅভ্যুত্থান-সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার হয়েছিলেন বলে পুলিশ জানিয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন