ডেস্ক রিপোর্টঃ কুষ্টিয়া সদর আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা বলেছেন, তার নির্বাচনী এলাকায় কোনো ধরনের চাঁদাবাজি চলতে দেওয়া হবে না। একই সঙ্গে তিনি নিজ আসনকে বাংলাদেশের অন্য এলাকার তুলনায় আলাদা হিসেবে উল্লেখ করে বলেছেন, ‘এখানকার সরকার আমি।’
রোববার (১৬ আগস্ট) বিকেলে কুষ্টিয়া শহরের ৬ রাস্তার মোড়ে জেলা জামায়াতে ইসলামী আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। সংসদ সদস্য আমির হামজার ওপর হামলার প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।
আমির হামজা বলেন, তার আসনে কাউকে চাঁদা না দেওয়ার জন্য তিনি জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। কেউ চাঁদা চাইতে এলে তাকে তার কাছে পাঠানোর কথাও বলেন তিনি। এ সময় তিনি চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান।
গণঅধিকার পরিষদ প্রসঙ্গে আমির হামজা বলেন, দলটি এখন ‘গণধিকৃত পরিষদে’ পরিণত হয়েছে। নিজের ওপর হামলার প্রসঙ্গ তুলে তিনি বলেন, সামনে ও পেছনে পুলিশের গাড়ি থাকার পরও যদি তার ওপর হামলা হয়, তাহলে হামলাকারীদের সন্ত্রাসী বলতে আর কোনো বাধা নেই বলে তিনি মনে করেন।
কুষ্টিয়ায় কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না বলেও ঘোষণা দেন তিনি। আমির হামজা বলেন, যতদিন জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবির ও কুষ্টিয়ার তৌহিদি জনতা সক্রিয় থাকবে, ততদিন কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না।
প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, কোনো দলের তাবেদারি না করে সরকারের দায়িত্ব পালন করতে হবে। কুষ্টিয়ার জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) জনগণের জন্য কাজ করার আহ্বান জানান তিনি।
নিজের নির্বাচনী আসন সম্পর্কে আমির হামজা বলেন, ‘আমার আসন বাংলাদেশের ভেতরে একটি আলাদা আসন।’ এরপর তিনি আবারও বলেন, ‘আমি তো বলেছি এখানকার সরকার আমি। কোনো চাঁদাবাজি আমার আসনে চলবে না ইনশাআল্লাহ।’
সমাবেশে কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য আফজাল হোসেনও বক্তব্য দেন। তিনি আমির হামজার ওপর হামলার নিন্দা জানান এবং হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা এনামুল হক, সাবেক সেক্রেটারি সুজাউদ্দিন জোয়ার্দ্দারসহ দলটির স্থানীয় নেতাকর্মীরা সমাবেশে উপস্থিত ছিলেন।
এর আগে বিকেলে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে সমবেত হন। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ৬ রাস্তার মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সমাবেশে আমির হামজা বক্তব্য দেন।

একটি মন্তব্য পোস্ট করুন