ডেস্ক রিপোর্ট: বান্দরবানের থানচি উপজেলায় টানা কয়েক দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যা পরিস্থিতির উন্নতি হতে শুরু করেছে। বৃষ্টিপাত কমে আসায় সাংগু নদীর পানিও দ্রুত হ্রাস পেয়েছে। ফলে উপজেলার বিভিন্ন নিম্নাঞ্চল থেকে ধীরে ধীরে বন্যার পানি নামতে শুরু করেছে এবং স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছেন স্থানীয় বাসিন্দারা। গত কয়েক দিনে সাংগু নদীর পানি বিপৎসীমার ওপরে উঠে থানচি সদর, বাজার এলাকা, নদীতীরবর্তী বসতি এবং বিভিন্ন সড়ক প্লাবিত হয়েছিল। এতে নৌ ও সড়ক যোগাযোগ ব্যাহত হওয়ার পাশাপাশি শতাধিক পর্যটক দুর্গম এলাকায় আটকা পড়েন। প্রশাসনের উদ্যোগে পর্যায়ক্রমে তাদের নিরাপদ স্থানে ফিরিয়ে আনা হয়।সোমবার (১৩ জুলাই) পরিস্থিতির উন্নতি হওয়ায় নদীর পানি অনেকটাই কমে গেছে। বেশিরভাগ এলাকায় জমে থাকা পানি নেমে যাওয়ায় মানুষ ঘরবাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজে নেমেছেন। স্থানীয় বাজারগুলোও ধীরে ধীরে স্বাভাবিক কার্যক্রমে ফিরছে। তবে অনেক এলাকায় কাদামাটি জমে থাকায় চলাচলে এখনও ভোগান্তি রয়েছে।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, পানি কমলেও পাহাড়ি এলাকায় নতুন করে ভারী বৃষ্টি হলে আবারও নদীর পানি বাড়তে পারে। তাই নদীতীরবর্তী ও ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা প্রস্তুত এবং পুনর্বাসন কার্যক্রম চালানো হচ্ছে। দুর্যোগ সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, আপাতত পরিস্থিতির উন্নতি হলেও মৌসুমি বৃষ্টিপাত অব্যাহত থাকায় বান্দরবানের পাহাড়ি এলাকায় এখনই ঝুঁকি পুরোপুরি কাটেনি। তাই প্রয়োজন ছাড়া পাহাড়ি ঝিরি, ছড়া ও নদীপথে চলাচল না করার পরামর্শ দেওয়া হয়েছে।

0 মন্তব্যসমূহ