বিশেষ প্রতিনিধিঃ নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের অতিরিক্ত সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগকে কেন্দ্র করে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, রাজনৈতিক পরিচয়ে বিতর্কিত কোনো ব্যক্তিকে নির্বাচন কমিশনের মতো সাংবিধানিক প্রতিষ্ঠানে দায়িত্ব দেওয়া হলে তা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের পরিবেশকে প্রশ্নবিদ্ধ করবে।
রোববার (২৬ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, নির্বাচন কমিশন জনগণের আস্থার একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। তাই এখানে নিয়োগের ক্ষেত্রে নিরপেক্ষতা, স্বচ্ছতা ও রাজনৈতিক প্রভাবমুক্ত অবস্থান নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
বিবৃতিতে তিনি অভিযোগ করেন, অতিরিক্ত সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া কর্মকর্তা অতীতে একটি রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। এমন একজন ব্যক্তিকে নির্বাচন কমিশনের প্রশাসনিক দায়িত্বে আনা হলে কমিশনের নিরপেক্ষতা নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
জামায়াতের ভাষ্য, নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব বিভিন্ন নির্বাচনী কার্যক্রমে গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব পালন করেন। ফলে এ পদে রাজনৈতিকভাবে বিতর্কিত কাউকে নিয়োগ দেওয়া হলে নির্বাচন ব্যবস্থার স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, কোনো কর্মকর্তা চাকরিকালে বঞ্চিত হয়ে থাকলে প্রচলিত বিধি অনুযায়ী তার প্রাপ্য সুবিধা নিশ্চিত করা যেতে পারে। তবে অবসরের পর সক্রিয় রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকা ব্যক্তিকে নির্বাচন কমিশনের মতো স্পর্শকাতর প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া সমীচীন নয়।
এ অবস্থায় সংশ্লিষ্ট নিয়োগ পুনর্বিবেচনা করে তা বাতিলের আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে ভবিষ্যতে নির্বাচন কমিশনসহ সব সাংবিধানিক প্রতিষ্ঠানে রাজনৈতিকভাবে নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও বিতর্কমুক্ত ব্যক্তিদের নিয়োগ নিশ্চিত করার দাবি জানিয়েছে দলটি।

একটি মন্তব্য পোস্ট করুন