দলের ক্যাম্প থেকে বাদ, মানসিক চাপে আত্মহত্যার চেষ্টা জাতীয় নারী ক্রিকেটার ইশমা তানজিমের।

নারী ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক: ইমার্জিং দলের ক্যাম্প থেকে বাদ পড়ার পর মানসিকভাবে ভেঙে পড়ে আত্মহত্যার চেষ্টা করেছেন জাতীয় দলের ক্রিকেটার ইশমা তানজিম। বর্তমানে তিনি শঙ্কামুক্ত থাকলেও এ ঘটনাকে ঘিরে দেশের ক্রিকেট অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

জানা গেছে, দক্ষিণ আফ্রিকা সফরকে সামনে রেখে বাংলাদেশ নারী ইমার্জিং দলের প্রস্তুতি ক্যাম্পের প্রথম ধাপে ২৭ জন ক্রিকেটারকে ডাকা হয়েছিল। পরে দ্বিতীয় ধাপে স্কোয়াড ২১ জনে নামিয়ে আনা হলে বাদ পড়েন ২৯ বছর বয়সী অলরাউন্ডার ইশমা তানজিম। ক্যাম্প থেকে বাদ পড়ার পর গভীর হতাশা ও মানসিক চাপে তিনি আত্মহত্যার চেষ্টা করেন বলে নিজেই গণমাধ্যমকে জানিয়েছেন। ইশমা তানজিমের দাবি, তিনি শারীরিকভাবে খেলার উপযোগী ছিলেন। কিন্তু ইনজুরির অজুহাত দেখিয়ে তাকে ক্যাম্প থেকে বাদ দেওয়া হয়। তার ভাষ্য, দীর্ঘদিন ধরেই বিভিন্ন কারণে অবমূল্যায়নের শিকার হচ্ছিলেন এবং সর্বশেষ এই সিদ্ধান্ত তাকে মানসিকভাবে ভেঙে দেয়।

ঘটনার পর দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা শেষে তার শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তিনি বাসায় ফিরে গেছেন। তবে তিনি এখনও পুরোপুরি স্বাভাবিক নন বলে জানিয়েছেন।এদিকে, ঘটনাটি নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। যদিও বিসিবির কয়েকজন কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, ক্যাম্প থেকে বাদ দেওয়ার পেছনে খেলোয়াড়টির ফিটনেস-সংক্রান্ত বিষয় বিবেচনায় নেওয়া হয়েছিল। তবে এ বিষয়ে বোর্ডের পক্ষ থেকে আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি। ক্রিকেট বিশ্লেষকদের মতে, প্রতিযোগিতামূলক খেলাধুলায় দল থেকে বাদ পড়া বা প্রত্যাশা পূরণ না হওয়ার মতো পরিস্থিতি খেলোয়াড়দের ওপর গভীর মানসিক চাপ তৈরি করতে পারে। তাই খেলোয়াড়দের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় আরও কার্যকর সহায়তা ব্যবস্থা গড়ে তোলার প্রয়োজন রয়েছে।

ইশমা তানজিমের ঘটনাকে কেন্দ্র করে জাতীয় দলের খেলোয়াড়দের মানসিক সুস্থতা, নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা এবং খেলোয়াড়দের জন্য মানসিক সহায়তা নিশ্চিত করার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন