ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় পাপুয়া অঞ্চলে সশস্ত্র বিচ্ছিন্নতাবাদীদের হামলায় এক মার্কিন পাইলট নিহত হয়েছেন। হামলার পর বিদ্রোহীরা তার পরিচালিত ছোট যাত্রীবাহী বিমানটিতে আগুন ধরিয়ে দেয়। ঘটনাটি বৃহস্পতিবার ইয়াহুকিমো জেলার বালিংগামা এলাকার একটি দূরবর্তী এয়ারস্ট্রিপে ঘটে।
নিহত পাইলটের নাম নিকোলাস এফ. গোসেলিন। তিনি ইন্দোনেশিয়ার বেসামরিক বিমান সংস্থা PT AMA-এর হয়ে দূরবর্তী এলাকায় যাত্রী ও সরঞ্জাম পরিবহনের দায়িত্ব পালন করছিলেন। বিমানটি অবতরণের পর সশস্ত্র হামলাকারীরা গুলি চালায় এবং পরে বিমানটিতে আগুন ধরিয়ে দেয়। তবে বিমানে থাকা সাতজন স্থানীয় যাত্রী প্রাণে বেঁচে যান। হামলার দায় স্বীকার করেছে ওয়েস্ট পাপুয়া ন্যাশনাল লিবারেশন আর্মি (TPNPB)। সংগঠনটির দাবি, তারা ওই বিমানকে ইন্দোনেশিয়ার নিরাপত্তা বাহিনীর সহায়তাকারী হিসেবে সন্দেহ করেছিল। তবে ইন্দোনেশিয়ার সামরিক বাহিনী এ অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, এটি সম্পূর্ণ বেসামরিক ফ্লাইট ছিল এবং এতে কোনো সেনাসদস্য ছিলেন না। হামলার পর ইন্দোনেশিয়ার নিরাপত্তা বাহিনী বিশেষ অভিযান চালিয়ে নিহত মার্কিন পাইলটের মরদেহ উদ্ধার করে। দুর্গম পাহাড়ি এলাকা ও নিরাপত্তা ঝুঁকির কারণে উদ্ধার অভিযান ছিল অত্যন্ত কঠিন। পাপুয়া অঞ্চলে দীর্ঘদিন ধরে বিচ্ছিন্নতাবাদী সংঘাত চলমান। সাম্প্রতিক বছরগুলোতে বিদেশি পাইলট ও বেসামরিক বিমানকে লক্ষ্য করে একাধিক হামলার ঘটনা ঘটেছে। সর্বশেষ এই হামলায় আবারও অঞ্চলটির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ তৈরি হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন