ডেস্ক রিপোর্ট : কিশোর অপরাধ, গ্যাং কালচার ও মাদকাসক্তি প্রতিরোধের পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে নতুন পদক্ষেপ নিয়েছে ফেনী জেলা প্রশাসন। এর অংশ হিসেবে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত জেলার শিক্ষার্থীদের মাগরিবের নামাজের পর অপ্রয়োজনে বাইরে ঘোরাফেরা, চায়ের দোকানে আড্ডা এবং উদ্দেশ্যহীনভাবে অবস্থানের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জেলা প্রশাসন জানায়, সাম্প্রতিক সময়ে কিশোর গ্যাংয়ের তৎপরতা, মাদকসেবন এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ বাড়ায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা হয়। গত ১২ জুলাই অনুষ্ঠিত ওই সভার সিদ্ধান্তের ভিত্তিতেই এ উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।
সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবে ফেনী জেলা তথ্য অফিস শহরের বিভিন্ন এলাকায় মাইকিং করে শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষকে বিষয়টি জানিয়েছে। প্রচারণায় বলা হয়, মাগরিবের পর কোনো শিক্ষার্থীকে অকারণে বাইরে ঘোরাঘুরি, চায়ের দোকানে আড্ডা বা শিক্ষাপ্রতিষ্ঠানের ক্যাম্পাসে উদ্দেশ্যহীনভাবে অবস্থান করতে দেখা গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হতে পারে। একই সঙ্গে অভিভাবকদেরও সন্তানদের প্রতি নজরদারি বাড়ানোর আহ্বান জানানো হয়েছে। জেলা প্রশাসনের ভাষ্য অনুযায়ী, এই উদ্যোগের মূল উদ্দেশ্য শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এবং তাদের অপরাধপ্রবণতা থেকে দূরে রাখা। প্রশাসন বলছে, শিক্ষাপ্রতিষ্ঠান, অভিভাবক, জনপ্রতিনিধি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত সহযোগিতায় এ সিদ্ধান্ত কার্যকর করা হবে।
তবে পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, বিষয়টি মূলত জনসচেতনতামূলক উদ্যোগ। মাইকিংয়ের ভাষা নিয়ে বিভ্রান্তি তৈরি হওয়ায় প্রশাসন সংশোধিত বার্তা প্রচার করেছে। প্রশাসনের আহ্বান হলো, শিক্ষার্থীরা যেন সন্ধ্যার পর অপ্রয়োজনীয় আড্ডা ও ঘোরাঘুরি থেকে বিরত থাকে এবং অভিভাবকেরা এ বিষয়ে সচেতন ভূমিকা পালন করেন।

0 মন্তব্যসমূহ