শনিবার (৪ জুলাই) ভোরে একযোগে চালানো এ হামলার পর তেল টার্মিনালের একটি অংশে আগুন ধরে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বন্দরের দিক থেকে কালো ধোঁয়া উড়তে দেখা যায়। পরে রুশ জরুরি সেবা বিভাগের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে।
সেন্ট পিটার্সবার্গের গভর্নর আলেকজান্ডার বেগলভ জানান, শহরটি ব্যাপক ড্রোন হামলার মুখে পড়ে। হামলায় কিরোভস্কি জেলার একটি তেল টার্মিনাল ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। একই সময়ে লেনিনগ্রাদ অঞ্চলের গভর্নর আলেকজান্ডার দ্রোজদেনকো জানান, রুশ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ওই অঞ্চলে ৭২টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে। এছাড়া বাল্টিক সাগর তীরবর্তী ভিসোৎস্ক বন্দরের দিকেও ড্রোন আঘাত হানে বলে তিনি দাবি করেন।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, শুধু লেনিনগ্রাদ অঞ্চল নয়, দেশের বিভিন্ন এলাকায় রাতভর শত শত ড্রোন হামলার চেষ্টা চালানো হয় এবং অধিকাংশই প্রতিহত করা হয়েছে। তবে এসব দাবির স্বাধীন যাচাই সম্ভব হয়নি।
অন্যদিকে ইউক্রেন দীর্ঘদিন ধরেই বলে আসছে, রাশিয়ার তেল শোধনাগার, তেল টার্মিনাল ও জ্বালানি অবকাঠামো দেশটির যুদ্ধ পরিচালনার অন্যতম প্রধান শক্তি। তাই এসব স্থাপনাকে লক্ষ্যবস্তু করে ধারাবাহিক হামলা চালানো হচ্ছে, যাতে রাশিয়ার সামরিক সরবরাহ ব্যবস্থা ও অর্থনৈতিক সক্ষমতার ওপর চাপ সৃষ্টি হয়। চলতি বছর ইউক্রেন রাশিয়ার একাধিক তেল ডিপো, শোধনাগার ও জ্বালানি স্থাপনায় দূরপাল্লার ড্রোন হামলা চালিয়েছে, যার ফলে দেশটির কিছু অঞ্চলে জ্বালানি সংকটও দেখা দিয়েছে।
সেন্ট পিটার্সবার্গ ইউক্রেনীয় সীমান্ত থেকে প্রায় ৯০০ কিলোমিটার দূরে অবস্থিত। এত দূরের একটি গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনায় হামলা চালাতে পারা ইউক্রেনের দীর্ঘপাল্লার ড্রোন সক্ষমতার আরেকটি উদাহরণ বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা। একই সঙ্গে এটি রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকারিতা নিয়েও নতুন প্রশ্ন তৈরি করেছে।
বিশ্লেষকদের মতে, যুদ্ধের পঞ্চম বছরে প্রবেশের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই প্রতিপক্ষের সামরিক ও জ্বালানি অবকাঠামোকে অগ্রাধিকার দিয়ে হামলা চালাচ্ছে। এতে যুদ্ধক্ষেত্রের বাইরে অর্থনৈতিক চাপও বাড়ছে এবং জ্বালানি সরবরাহ ব্যবস্থা ক্রমেই ঝুঁকির মুখে পড়ছে।
তবে হামলায় ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ এবং তেল টার্মিনালের কার্যক্রম কতটা ব্যাহত হয়েছে, সে বিষয়ে এখনো পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ করা হয়নি। তদন্ত ও ক্ষয়ক্ষতির মূল্যায়ন অব্যাহত রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন