স্পোর্টস ডেস্ক: ২০২৬ ফিফা বিশ্বকাপে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার নকআউট পর্বের পথ নিয়ে ফুটবল অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে ওঠার আগ পর্যন্ত ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ ১৫ দলের কোনো দলের বিপক্ষে খেলতে হয়নি লিওনেল স্কালোনির শিষ্যদের। এ তথ্য প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক বিতর্ক।
বিশ্বকাপ শুরুর আগে প্রকাশিত সর্বশেষ ফিফা র্যাঙ্কিংয়ে আর্জেন্টিনা ছিল এক নম্বরে। তাদের পরেই ছিল স্পেন, ফ্রান্স, ইংল্যান্ড, পর্তুগাল, ব্রাজিলসহ বিশ্বের শীর্ষ দলগুলো। তবে গ্রুপ ও নকআউট পর্বে আর্জেন্টিনার প্রতিপক্ষ ছিল তুলনামূলক নিচের সারির দলগুলো। গ্রুপ পর্বে আর্জেন্টিনা খেলেছে আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডানের বিপক্ষে। এরপর শেষ ৩২-এ তাদের প্রতিপক্ষ ছিল কেপ ভার্দে এবং শেষ ১৬-এ মুখোমুখি হয় মিশরের। এই পাঁচ প্রতিপক্ষের কেউই বিশ্বকাপ শুরুর আগে প্রকাশিত ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ ১৫ দলের মধ্যে ছিল না।
এদিকে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ সুইজারল্যান্ড। বিশ্বকাপের আগে প্রকাশিত র্যাঙ্কিংয়েও সুইজারল্যান্ড শীর্ষ ১৫-এর বাইরে ছিল। ফলে সেমিফাইনালে ওঠার আগ পর্যন্তও আর্জেন্টিনাকে শীর্ষ ১৫ দলের কোনো দলের মুখোমুখি হতে হচ্ছে না।এই পরিসংখ্যান সামনে আসার পর অনেক সমর্থক দাবি করছেন, আর্জেন্টিনা তুলনামূলক সহজ ড্র পেয়েছে। অন্যদিকে ফুটবল বিশ্লেষকদের একটি অংশ বলছেন, বিশ্বকাপের নকআউট সূচি নির্ধারিত হয় দলগুলোর গ্রুপ পর্বের ফলাফলের ভিত্তিতে। তাই কোন দল কার মুখোমুখি হবে, সেটি আগেভাগে নির্ধারিত থাকলেও প্রতিপক্ষ নির্ভর করে টুর্নামেন্টে দলগুলোর পারফরম্যান্সের ওপর।
উল্লেখ্য, আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালে জয় পেলে সেমিফাইনালে শক্তিশালী ইংল্যান্ড বা নরওয়ের মুখোমুখি হতে পারে। তাই শিরোপা ধরে রাখার লড়াইয়ে সামনের পথ তাদের জন্য আরও কঠিন হওয়ার সম্ভাবনা রয়েছে।

0 মন্তব্যসমূহ