নিজস্ব প্রতিবেদক: রাজধানীর রামপুরায় জুলাই গণঅভ্যুত্থানের সময় নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি এবং পৃথক ঘটনায় আরও দুইজনকে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ঘোষণা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বহুল আলোচিত এ মামলায় সাবেক ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমানসহ তিন পুলিশ কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।
রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ রায় ঘোষণা করেন। একই রায়ে সাবেক উপ-পরিদর্শক (এসআই) তারিকুল ইসলাম ভূঁইয়াকে যাবজ্জীবন কারাদণ্ড এবং রামপুরা পুলিশ ফাঁড়ির সাবেক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) চঞ্চল চন্দ্র সরকারকে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই রাজধানীর রামপুরা এলাকায় আন্দোলনের সময় প্রাণ বাঁচাতে নির্মাণাধীন একটি ভবনের কার্নিশে ঝুলে ছিলেন তরুণ আমির হোসেন। অভিযোগে বলা হয়, ওই অবস্থায়ও তাকে লক্ষ্য করে একাধিকবার গুলি চালানো হয়। একই দিনে পুলিশের গুলিতে নাদিম নিহত হন এবং শিশু মুসাকে বিদ্ধ করা গুলিতে তার দাদি মায়া বেগম প্রাণ হারান। এসব ঘটনাকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে অভিযোগপত্রে অন্তর্ভুক্ত করা হয়।
তদন্ত শেষে ২০২৫ সালের আগস্টে পাঁচ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করা হয়। পরবর্তীতে ট্রাইব্যুনাল অভিযোগ গঠন করে বিচার শুরু করেন। দীর্ঘ শুনানি, প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য, ভিডিও ফুটেজ, আলামত এবং ডিজিটাল প্রমাণ পর্যালোচনার পর আদালত এ রায় ঘোষণা করেন।
আইনজীবীদের মতে, জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলাগুলোর মধ্যে এটি অন্যতম গুরুত্বপূর্ণ রায়। বিশেষ করে কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি করার ভিডিও দেশ-বিদেশে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল এবং ঘটনাটি আন্দোলন-পরবর্তী বিচার প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ প্রতীক হিসেবে বিবেচিত হয়ে আসছে।

একটি মন্তব্য পোস্ট করুন