জামালপুর প্রতিনিধি: ছবি: সংগৃহীত
জামালপুরের মেলান্দহ উপজেলায় আট মাস বয়সী এক শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটির মা শ্রাবন্তী বেগমকে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। রোববার (২৮ জুন) সকালে উপজেলার ভাবকী গোয়ালবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, অভিযুক্ত শ্রাবন্তী বেগমের সঙ্গে একই এলাকার হুমায়ুন আহমেদের প্রায় দুই বছর আগে বিয়ে হয়। তাদের আট মাস বয়সী ছেলে শাওন ছিল। রোববার ভোরে শ্রাবন্তী শিশুকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যান। পরে দীর্ঘ সময় তাদের খোঁজ না পেয়ে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা অনুসন্ধান শুরু করেন।
একপর্যায়ে বাড়ির পাশের একটি পুকুরের ধারে শ্রাবন্তীর স্যান্ডেল দেখতে পান স্থানীয়রা। সন্দেহ হলে পুকুরে খোঁজাখুঁজির সময় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। পরে বাড়ি থেকে কিছু দূরে শ্রাবন্তীকে দেখতে পেয়ে স্থানীয়রা আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে মেলান্দহ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং শ্রাবন্তীকে থানায় নিয়ে যায়।
নিহতের স্বজনদের অভিযোগ, পারিবারিক কলহ এবং পরকীয়াজনিত কারণে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। তবে এ অভিযোগের সত্যতা এখনো নিশ্চিত হয়নি এবং বিষয়টি তদন্তাধীন।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক সুরতহাল শেষে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। শিশুর মা শ্রাবন্তী বেগমকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত শেষে হত্যার প্রকৃত কারণ এবং ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সব তথ্য জানা যাবে।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন, জিজ্ঞাসাবাদ এবং অন্যান্য আলামতের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের পাশাপাশি চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন