গনভোটের রায় বাস্তবায়ন এর দাবিতে ময়মনসিংহে ১১ দলের মহাসমাবেশ।

মহাসমাবেশের প্রধান অতিথি
নিজস্ব প্রতিনিধি 
 গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে ময়মনসিংহে বিভাগীয় মহাসমাবেশ করেছে ১১ দলীয় ঐক্য। শনিবার নগরীর রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে আয়োজিত এ সমাবেশে বিভাগের বিভিন্ন জেলা থেকে হাজারো নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি হয়। 

 সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মুহাম্মদ মামুনুল হক। সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ময়মনসিংহ অঞ্চল পরিচালক অধ্যক্ষ মো. শাহাবুদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এছাড়া ১১ দলীয় জোটের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। 

প্রধান অতিথির বক্তব্যে আল্লামা মামুনুল হক বলেন, গণভোটের মাধ্যমে জনগণ যে রায় দিয়েছে, সেটি বাস্তবায়ন করা রাষ্ট্রের দায়িত্ব। জনগণের রায়কে উপেক্ষা করা হলে রাজনৈতিক সংকট আরও গভীর হতে পারে বলে তিনি মন্তব্য করেন। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, গণভোটের রায়ের পরিবর্তে অন্য কর্মসূচিকে সামনে এনে জনগণের প্রত্যাশা আড়াল করার চেষ্টা করা হলে তা গ্রহণযোগ্য হবে না। 

বক্তারা বলেন, দেশে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, বেকারত্ব, কৃষকের দুর্দশা, জ্বালানি সংকট এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি জনজীবনকে কঠিন করে তুলেছে। এসব সমস্যা সমাধানে জবাবদিহিমূলক, গণমুখী শাসনব্যবস্থা প্রতিষ্ঠা এবং গণভোটের রায় বাস্তবায়নের বিকল্প নেই বলেও তারা দাবি করেন।  সমাবেশ থেকে নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, জনগণের দেওয়া রায় বাস্তবায়নে দীর্ঘসূত্রতা হলে সারাদেশে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। একই সঙ্গে তারা রাজনৈতিক দলগুলোর মধ্যে জাতীয় ঐকমত্য গড়ে তুলে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটানোর আহ্বান জানান। 

সমাবেশটি শান্তিপূর্ণ পরিবেশে শেষ হয়। আয়োজকদের দাবি, ময়মনসিংহ বিভাগের চার জেলা থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী এতে অংশ নেন, যা ১১ দলীয় ঐক্যের সাংগঠনিক শক্তির একটি বড় প্রদর্শন হিসেবে বিবেচিত হচ্ছে। 

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন