নিজস্ব প্রতিবেদক
মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র, উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে ৩টি বিদেশি পিস্তল, প্রায় ৩ কেজি উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক, ২৪টি ডেটোনেটর এবং ২টি কুকরি চাপাতি উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধার হওয়া অস্ত্র ও বিস্ফোরক সীমান্ত দিয়ে অবৈধভাবে দেশে প্রবেশ করানো হচ্ছিল। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি বলে জানা গেছে।
বিজিবি জানিয়েছে, উদ্ধারকৃত আলামতগুলো জব্দ করা হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে সীমান্ত এলাকায় নজরদারি ও গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে, যাতে অস্ত্র ও বিস্ফোরকের চোরাচালান প্রতিরোধ করা যায়।
সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন