নিজস্ব প্রতিবেদক | সিলেট
সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. সরওয়ার আলমের প্রত্যাহার বা বদলির সিদ্ধান্তকে কেন্দ্র করে পুরো সিলেটে সৃষ্টি হয়েছে ব্যাপক আলোচনা, ক্ষোভ ও গণপ্রতিক্রিয়া।
তার বদলি স্থগিত, এবং তাকে পুনর্বহালের দাবিতে নগরীর কোর্ট পয়েন্টসহ বিভিন্ন স্থানে মানববন্ধন, বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৈরী আবহাওয়া উপেক্ষা করে সাধারণ মানুষ, ব্যবসায়ী, আলেম-ওলামা, সামাজিক সংগঠন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আন্দোলনে অংশ নেন।
কেন সরওয়ার আলমকে ঘিরে এত আলোচনা?
সরওয়ার আলম বাংলাদেশের প্রশাসনে দীর্ঘদিন ধরে আলোচিত একজন কর্মকর্তা। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভেজালবিরোধী অভিযান, দুর্নীতির বিরুদ্ধে অবস্থান এবং বিভিন্ন জনস্বার্থমূলক কর্মকাণ্ডের কারণে তিনি জাতীয় পর্যায়ে পরিচিতি লাভ করেন। ২০২৫ সালে তিনি সিলেটের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
সিলেটে দায়িত্ব পালনকালে অবৈধ পাথর উত্তোলন, ভূমি দখল, প্রশাসনিক অনিয়ম এবং কিছু প্রভাবশালী সিন্ডিকেটের বিরুদ্ধে তার কঠোর অবস্থান সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলে। ফলে স্বল্প সময়ের মধ্যেই তিনি জনবান্ধব কর্মকর্তা হিসেবে পরিচিতি পান।
স্থানীয়দের অভিযোগ, একজন জনপ্রিয় ও কর্মঠ কর্মকর্তাকে হঠাৎ সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত জনগণের প্রত্যাশার সঙ্গে সাংঘর্ষিক। আন্দোলনকারীদের বক্তব্য, সরওয়ার আলম শুধু প্রশাসনিক দায়িত্ব পালন করেননি, বরং নাগরিক সমস্যা সমাধান, ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি এবং বিভিন্ন প্রতিষ্ঠানে জবাবদিহিতা নিশ্চিত করতে দৃশ্যমান ভূমিকা রেখেছেন।
মানববন্ধনে বক্তারা আরো বলেন, "সিলেটের মানুষের হৃদয়ে স্থান করে নেওয়া এমন একজন জেলা প্রশাসককে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয়।" একইসঙ্গে তারা সরকারের প্রতি প্রত্যাহার আদেশ পুনর্বিবেচনার আহ্বান জানান।
সামাজিক যোগাযোগমাধ্যমেও তীব্র প্রতিক্রিয়া
সরওয়ার আলমের বদলির খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। বিভিন্ন সংবাদমাধ্যমের পোস্টে হাজারো মন্তব্যে তাকে পুনর্বহালের দাবি জানানো হয়েছে। অনেকেই দাবি করেছেন, তার মতো কর্মকর্তা প্রশাসনে বিরল এবং সিলেটের উন্নয়ন কার্যক্রমে তার ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল।
তবে,
সরকারে দায়িত্বশীল মহল এর বক্তব্য,
বাংলাদেশের প্রশাসনিক কাঠামোয় বদলি একটি স্বাভাবিক প্রক্রিয়া। জনস্বার্থ, প্রশাসনিক প্রয়োজন কিংবা সরকারের নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী কর্মকর্তাদের এক স্থান থেকে অন্য স্থানে দায়িত্ব দেওয়া হয়ে থাকে।
তবে সরওয়ার আলমের বদলীর বিষয়ে যে গণপ্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে, তা প্রশাসনের ক্যাডার অফিসার মত উচ্চ পদস্থ কর্মকর্তাদের ক্ষেত্রে বিরল দৃষ্টান্ত।

একটি মন্তব্য পোস্ট করুন