প্রগতি বার্তা
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

এক মাস পর কারামুক্ত মেজর (অব.) আখতারুজ্জামান।

কারামুক্ত হয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বের হচ্ছেন মেজর (অব.) আখতারুজ্জামান

নিজস্ব প্রতিবেদক | প্রগতি বার্তা

প্রায় এক মাস কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা, সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান। বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা এবং দায়িত্ব পালনরত নিরাপত্তা কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগে করা মামলায় গ্রেপ্তারের পর কারাগারে ছিলেন তিনি।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান আখতারুজ্জামান। তাঁর মুক্তির খবর ছড়িয়ে পড়লে তাঁকে স্বাগত জানাতে কারাগারের ফটকে উপস্থিত হন জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এ সময় দলের কেন্দ্রীয় পর্যায়ের নেতারাও উপস্থিত ছিলেন।


মামলার এজাহার  অনুযায়ী, গত ১ অক্টোবর সৌদি আরবের মদিনা থেকে আসা একটি ফ্লাইটে জামায়াতে ইসলামীর ৩৪ জন প্রতিনিধি ও তাঁদের পরিবারের সদস্যরা ঢাকায় ফেরেন। ফ্লাইটটি সকাল ৮টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

পরে যাত্রীদের লাগেজ সংগ্রহে বিলম্ব, ট্রলির সংকট এবং জমজমের পানি পাওয়া নিয়ে বিমানবন্দরে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ ঘটনাস্থলে যান।

মামলার অভিযোগে বলা হয়, এ সময় আখতারুজ্জামান বিমানবন্দরের নির্বাহী পরিচালকের সঙ্গে অশোভন আচরণ করেন এবং দায়িত্ব পালনরত নিরাপত্তা সুপারভাইজার ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ কামাল উদ্দিনকে লাঞ্ছিত করেন। এ ছাড়া সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগও আনা হয় তাঁর বিরুদ্ধে।

এসব অভিযোগে বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজিব বাদী হয়ে বিমানবন্দর থানায় মামলা করেন।

মামলার পরদিন ২ অক্টোবর রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার ডিওএইচএসে নিজ বাসা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাঁকে গ্রেফতার করে।

পরদিন আদালতে হাজির করা হলে জিজ্ঞাসাবাদের জন্য তাঁর এক দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। রিমান্ড শেষে ৪ অক্টোবর আদালত তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পরবর্তী সময়ে ঢাকা মহানগর দায়রা জজ আদালতেও জামিন আবেদন করেন তিনি। তবে ২৬ অক্টোবর ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-৫ তাঁর জামিন আবেদন নাকচ করেন। এরপর জামিন চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন সাবেক এই সংসদ সদস্য।

দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর গত ১ নভেম্বর হাইকোর্টের বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ আখতারুজ্জামানকে অন্তর্বর্তীকালীন জামিন দেন। একই সঙ্গে তাঁকে স্থায়ী জামিন দেওয়া হবে না কেন, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত।

হাইকোর্টের এ আদেশের বিরুদ্ধে জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। ২ নভেম্বর আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক রাষ্ট্রপক্ষের আবেদনে কোনো আদেশ দেননি। ফলে হাইকোর্টের দেওয়া জামিন বহাল থাকে এবং তাঁর কারামুক্তির আইনি বাধা দূর হয়।

এর ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান মেজর (অব.) আখতারুজ্জামান।

মেজর (অব.) আখতারুজ্জামান দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি এবং সাবেক সংসদ সদস্য। দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ২০২২ সালের ২০ ফেব্রুয়ারি তাঁকে পঞ্চমবারের মতো বিএনপি থেকে বহিষ্কার করা হয়।

পরবর্তী সময়ে ২০২৫ সালের ১৩ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দেন। এরপর থেকে দলটির রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন তিনি।

বিমানবন্দরের ঘটনাকে কেন্দ্র করে দায়ের করা মামলায় আখতারুজ্জামান জামিনে মুক্তি পেলেও অভিযোগগুলোর বিচারিক নিষ্পত্তি এখনো হয়নি। আদালতে অভিযোগের চূড়ান্ত সত্যতা প্রমাণিত হওয়া বাকি রয়েছে।

তবে প্রায় এক মাস কারাভোগের পর তাঁর মুক্তি রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এখন মামলার পরবর্তী আইনি কার্যক্রমের দিকে নজর থাকবে সংশ্লিষ্ট মহলের।

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন

𝑷𝒓𝒐𝒈𝒂𝒕𝒊𝑩𝒂𝒓𝒕𝒂

প্রগতি বার্তা
সত্যের সন্ধানে নির্ভীক