প্রগতি বার্তা
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

দাউদকান্দিতে অ্যাম্বুলেন্সে মাদক পাচার, ৬৭২ বোতল স্কাফ সিরাপসহ আটক ২ জন।

দাউদকান্দিতে অ্যাম্বুলেন্সে মাদক পাচারকালে উদ্ধার করা ৬৭২ বোতল স্কাফ সিরাপ

নিজস্ব প্রতিনিধিঃ

কুমিল্লার দাউদকান্দিতে রোগী পরিবহনের আড়ালে অ্যাম্বুলেন্সে করে মাদক পাচারের অভিযোগে দুই যুবককে আটক করেছে পুলিশ। এ সময় অ্যাম্বুলেন্সে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৬৭২ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়। মাদক পরিবহনে ব্যবহৃত অ্যাম্বুলেন্সটিও জব্দ করা হয়েছে।

সোমবার (২ নভেম্বর) সকাল ৭টা ১৫ মিনিটের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা-গোমতী সেতুর টোল প্লাজায় চেকপোস্ট পরিচালনাকালে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দাউদকান্দি মডেল থানা পুলিশের একটি দল সাব-ইন্সপেক্টর রেজওয়ানের নেতৃত্বে টোল প্লাজায় তল্লাশি অভিযান চালায়। এ সময় সন্দেহজনক একটি অ্যাম্বুলেন্স থামিয়ে তল্লাশি করা হলে রোগী পরিবহনের আড়ালে বিশেষভাবে লুকিয়ে রাখা ৬৭২ বোতল স্কাফ সিরাপ পাওয়া যায়। পরে অ্যাম্বুলেন্সে থাকা দুই ব্যক্তিকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের নোয়াপাড়া কাজীবাড়ি এলাকার মো. নাহিদ (২৬) এবং একই উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাহিরগোড়া এলাকার আব্দুর রহিম মুন্না (২৬)।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, তারা সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে ঢাকা ও আশপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রি করতেন।

এ ঘটনায় উদ্ধার করা ৬৭২ বোতল স্কাফ সিরাপ ও অ্যাম্বুলেন্সটি জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পাশাপাশি এই মাদক সরবরাহের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

জরুরি রোগী পরিবহনের জন্য ব্যবহৃত অ্যাম্বুলেন্সকে মাদক পাচারের কাজে ব্যবহারের ঘটনায় জনমনে উদ্বেগ তৈরি হয়েছে।

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন

𝑷𝒓𝒐𝒈𝒂𝒕𝒊𝑩𝒂𝒓𝒕𝒂

প্রগতি বার্তা
সত্যের সন্ধানে নির্ভীক