যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, বিএআরসির সহকারী পরিচালক সোহাগ ফকির গ্রেফতার।
ডেস্ক রিপোর্টঃ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) সহকারী পরিচালক সোহাগ ফকিরকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে মাদারীপুরের রাজৈর উপজেলার বদরপাশা এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে দুটি স্মার্টফোন জব্দ করা হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) সিআইডির সাইবার পুলিশ ইউনিটের এক জ্যেষ্ঠ কর্মকর্তা গণমাধ্যমকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তদন্তসংশ্লিষ্ট ওই কর্মকর্তা জানান, যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় করা মামলার তদন্তে সোহাগ ফকিরের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। পরে রাজৈর থানা পুলিশের সহযোগিতায় তাঁকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর সোহাগ ফকিরকে ঢাকায় নিয়ে আসা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা। তাঁর কাছ থেকে জব্দ করা দুটি স্মার্টফোনের তথ্য তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে প্রশ্নফাঁসের ঘটনায় তাঁর নির্দিষ্ট ভূমিকা কী ছিল, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।
যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা পদে ২৪২টি শূন্যপদে নিয়োগের জন্য বাছাই পরীক্ষা গত ১০ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এ পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছিলেন ৩ লাখ ১৯ হাজার চাকরিপ্রার্থী।
নির্ধারিত সূচি অনুযায়ী, ওই দিন সকাল ১১টায় পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। তবে পরীক্ষা শুরুর আগে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে। সকাল ১০টা ৩ মিনিটে বিষয়টি নিশ্চিত হওয়ার পর কর্তৃপক্ষ পরীক্ষা স্থগিত করে।
পরীক্ষা স্থগিতের খবর ছড়িয়ে পড়লে চাকরিপ্রার্থীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ করেন পরীক্ষার্থীরা। একপর্যায়ে মানিক মিয়া অ্যাভিনিউসহ কয়েকটি এলাকায় সড়কে অবস্থান নেন তাঁরা। এতে যান চলাচলে বিঘ্ন ঘটে।
প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় এর আগে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) অভিযানে পাঁচ সরকারি কর্মচারীসহ সাতজনকে গ্রেফতার করা হয়। তাঁদের মধ্যে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মচারী এবং দুই চাকরিপ্রার্থী রয়েছেন বলে তদন্তসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এসআরবির দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে বিভিন্ন পরীক্ষার প্রবেশপত্র, সনদপত্র, স্ট্যাম্প, ব্যাংকের চেক, জাতীয় পরিচয়পত্র ও মোবাইল ফোনসহ বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়।
তদন্তে প্রাথমিকভাবে উঠে এসেছে, প্রশ্নপত্র সংগ্রহ, উত্তর তৈরি এবং পরীক্ষার্থীদের কাছে প্রশ্ন ও উত্তর পৌঁছে দেওয়ার সঙ্গে একাধিক ব্যক্তি জড়িত থাকতে পারেন। এ কাজে আর্থিক লেনদেনের অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে।
তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, প্রশ্নপত্রের মূল উৎস শনাক্ত করা এখনো তদন্তের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। গ্রেফতারকৃত ব্যক্তিদের কাছ থেকে পাওয়া তথ্য, মোবাইল ফোনের কথোপকথন ও চ্যাট পর্যালোচনা করে প্রশ্নপত্র কীভাবে ছড়িয়ে পড়েছিল, তা অনুসন্ধান করা হচ্ছে।
প্রশ্নপত্রের উৎস এবং এ ঘটনার সঙ্গে আর কারা জড়িত, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্য যাচাই করা হচ্ছে। সোহাগ ফকিরের গ্রেফতার ও সেই তদন্তের অংশ।
এ ঘটনায় গত ১১ অক্টোবর রাজধানীর মতিঝিল থানায় মামলা করে যুব উন্নয়ন অধিদপ্তর। মামলার তদন্তে নতুন করে কারও সম্পৃক্ততার তথ্য পাওয়া গেলে তাঁদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে।
তবে সোহাগ ফকিরের বিরুদ্ধে ওঠা অভিযোগের চূড়ান্ত সত্যতা তদন্ত ও বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারিত হবে।

একটি মন্তব্য পোস্ট করুন