বিশেষ প্রতিনিধিঃ দেশের প্রতিটি ইউনিয়নে অন্তত একটি করে খেলার মাঠ গড়ে তুলে শিশু-কিশোর ও তরুণদের জন্য সুস্থ, সুন্দর ও ক্রীড়াবান্ধব পরিবেশ নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে আগামী দুই মাসের মধ্যে সারাদেশে কমপক্ষে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশনা দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে ইউনিয়নভিত্তিক খেলার মাঠ স্থাপন ও ক্রীড়া কার্যক্রম সম্প্রসারণসংক্রান্ত এক বৈঠকে প্রধানমন্ত্রী এসব নির্দেশনা দেন। বৈঠক শেষে সংশ্লিষ্টরা এ তথ্য জানান।
বৈঠকে প্রধানমন্ত্রী নির্বাচনী ইশতেহারে দেওয়া অঙ্গীকার বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। তিনি প্রতিটি ইউনিয়নে অন্তত একটি করে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ দেন। একই সঙ্গে শিশু-কিশোর ও তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার সুযোগ বাড়ানো এবং মাঠগুলো সবার জন্য উন্মুক্ত রাখার ওপর গুরুত্ব দেন।
বৈঠকে জানানো হয়, দেশের ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে পর্যায়ক্রমে খেলার মাঠ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এরই মধ্যে ২৭টি জেলায় খেলার মাঠের জন্য ৪০৩টি খাসজমি চিহ্নিত করা হয়েছে।
পরিকল্পনা অনুযায়ী, প্রতিটি খেলার মাঠের আয়তন সর্বনিম্ন ৩ বিঘা থেকে সর্বোচ্চ ৮ বিঘা পর্যন্ত হতে পারে। মাঠ নির্মাণের পাশাপাশি সেগুলোর যথাযথ রক্ষণাবেক্ষণ ও নিয়মিত ক্রীড়া কার্যক্রম চালুর বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।
মাঠগুলোর রক্ষণাবেক্ষণ ও নিয়মিত ক্রীড়া কার্যক্রম পরিচালনার জন্য প্রতিটি উপজেলায় একজন করে ক্রীড়া কর্মকর্তা নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে নতুন মাঠ তৈরির পাশাপাশি মাঠগুলো যেন নিয়মিত ব্যবহার ও সংরক্ষণ করা যায়, সে বিষয়েও নজর দেওয়া হবে।
প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আগামী দুই মাসের মধ্যে সারাদেশে কমপক্ষে ১ হাজার খেলার মাঠ স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। ইউনিয়ন পর্যায়ে মাঠ তৈরির পাশাপাশি শিশু-কিশোর ও তরুণদের নিয়মিত খেলাধুলায় সম্পৃক্ত করার পরিকল্পনাও নেওয়া হয়েছে।
ফুটবল, ক্রিকেট, ভলিবল ও ব্যাডমিন্টনসহ ১০টি ক্রীড়া ইভেন্টে প্রায় ১৪ লাখ কিশোর-কিশোরীকে সম্পৃক্ত করার পরিকল্পনা রয়েছে। আগামী ৫ নভেম্বর খুলনা থেকে একযোগে দেশের ৫০৩টি উপজেলায় এই ক্রীড়া কর্মসূচি উদ্বোধনের পরিকল্পনা রয়েছে।
শুধু ইউনিয়ন পর্যায়েই নয়, রাজধানী ঢাকার জন্যও খেলার মাঠ বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রতি দুই থেকে তিনটি ওয়ার্ডের জন্য অন্তত একটি করে খেলার মাঠ নিশ্চিত করার কথা বলা হয়েছে।
বৈঠকে আগামী ডিসেম্বরের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ৪০টি এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ৯০টি মাঠ খেলাধুলার উপযোগী করে সেখানে নিয়মিত ক্রীড়া কার্যক্রম চালুর বিষয়েও আলোচনা হয়েছে।
বৈঠকে দেশের বিভিন্ন এলাকায় দখল হয়ে যাওয়া খেলার মাঠ উদ্ধারের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে বিদ্যমান উপজেলা স্টেডিয়ামগুলো সচল ও খেলাধুলার উপযোগী করার নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রতিটি বিদ্যালয়ে নিয়মিত খেলাধুলা ও ক্রীড়া ক্লাব কার্যক্রম চালুর বিষয়েও বৈঠকে গুরুত্ব দেওয়া হয়। অর্থাৎ নতুন মাঠ তৈরির পাশাপাশি বিদ্যমান মাঠ ও স্টেডিয়ামগুলোকে কার্যকরভাবে ব্যবহার করার পরিকল্পনাও নেওয়া হচ্ছে।
প্রধানমন্ত্রী দেশের সব খেলার মাঠ সংরক্ষণ এবং সারা বছর মাঠগুলোতে খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন।
আগামী পাঁচ বছরের মধ্যে একটি সুস্থ, সুন্দর ও ক্রীড়াবান্ধব প্রজন্ম গড়ে তুলতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনাও দিয়েছেন তিনি।
বৈঠকে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আসাদুল হাবীব দুলু, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহাদী আমীন উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এখন ইউনিয়ন থেকে মহানগর পর্যন্ত খেলার মাঠ সম্প্রসারণ, বিদ্যমান মাঠ সংরক্ষণ, দখল হয়ে যাওয়া মাঠ উদ্ধার এবং নিয়মিত ক্রীড়া কার্যক্রম চালুর উদ্যোগ বাস্তবায়নের দিকে এগোবে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলো। এর মাধ্যমে শিশু-কিশোর ও তরুণদের খেলাধুলার সুযোগ আরও বাড়ানোর লক্ষ্য নেওয়া হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন