ডেস্ক রিপোর্টঃ ময়মনসিংহ নগরীর আকুয়া বাইপাস সড়কে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন নারী ও এক শিশু রয়েছে বলে পুলিশ জানিয়েছে। দুর্ঘটনায় সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়েমুচড়ে গেছে।
শুক্রবার (২ অক্টোবর) দুপুর সোয়া ১টার দিকে নগরীর আকুয়া বাইপাস সড়কের পূর্ব গন্দ্রপা এলাকায় বাংলাদেশ ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জামালপুর থেকে ঢাকাগামী রাজীব পরিবহনের একটি বাস বাইপাস সড়ক দিয়ে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা মুক্তাগাছাগামী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিচালিত অটোরিকশাটি সম্পূর্ণ দুমড়েমুচড়ে যায়।
সংঘর্ষের পর সিএনজিতে থাকা সাতজনই ঘটনাস্থলে মারা যান বলে নিশ্চিত করেছেন ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম।
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের কর্মকর্তারাও দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে যায় এবং উদ্ধারকাজ শুরু করে। দুর্ঘটনার কারণে বাইপাস সড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়।
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। পুলিশ নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা করছে। দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণও তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার পর ক্ষতিগ্রস্ত বাস ও সিএনজি সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়।

একটি মন্তব্য পোস্ট করুন