প্রগতি বার্তা
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

দিল্লিতে ফের উত্তেজনা, যন্তর মন্তরে যাওয়ার পথে বিরোধী এমপিদের বাস আটকাল পুলিশ।

দিল্লির যন্তর মন্তরের দিকে যাওয়ার পথে বিরোধী জোট ইন্ডিয়ার এমপিদের বাস আটকে দিয়েছে পুলিশ

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিক্ষোভকে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে উঠেছে নয়াদিল্লি। মঙ্গলবারের পর বুধবারও ‘ইন্ডিয়া’ জোটের এমপিরা জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে রাস্তায় নামেন। তবে যন্তর মন্তরে পৌঁছানোর আগেই তাদের বহনকারী বাস আটকে দেয় দিল্লি পুলিশ। 

বুধবার কংগ্রেস সভাপতি ও রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে দিল্লির জনপথে বিরোধী এমপিদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করেন। সেখানে বৈঠকের পর যন্তর মন্তরে অবস্থান কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর এমপিরা কয়েকটি বাসে করে নির্ধারিত বিক্ষোভস্থলের দিকে রওনা হন। 

তবে জনপথ ও অশোকা রোডের সংযোগস্থলের কাছে পৌঁছালে পুলিশের বহুস্তরীয় নিরাপত্তাবেষ্টনী তাদের বাসের পথ আটকে দেয়। পুলিশি বাধার কারণে দীর্ঘ সময় ধরে বাসগুলো সেখানে দাঁড়িয়ে থাকে এবং আশপাশের গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচলও ব্যাহত হয়।

এরপর বাস থেকে নেমে বিরোধী এমপিরা সড়কে অবস্থান নেন। কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীসহ বেশ কয়েকজন নেতা সেখানে বিক্ষোভে অংশ নেন। পুলিশ পরে রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীসহ একাধিক বিরোধী নেতাকে আটক করে। 

রাহুল গান্ধী বলেন, বিরোধী দলগুলো নির্ধারিত বিক্ষোভস্থল যন্তর মন্তরে গিয়ে অবস্থান করতে চেয়েছিল। তাদের অভিযোগ, ভোটার তালিকা সংশোধনের বিশেষ নিবিড় পুনর্বিবেচনা বা SIR প্রক্রিয়া এবং নির্বাচন কমিশনের কার্যক্রম নিয়ে গুরুতর প্রশ্ন রয়েছে। তারা জ্ঞানেশ কুমারের পদত্যাগও দাবি করছেন। 

এই আন্দোলনের সূত্রপাত মূলত ভোটার তালিকার SIR প্রক্রিয়া নিয়ে বিরোধীদের আপত্তি থেকে। বিরোধী দলগুলোর অভিযোগ, এই প্রক্রিয়ায় ভোটার তালিকায় অনিয়ম হয়েছে এবং এর ফলে ভোটাধিকার ক্ষতিগ্রস্ত হতে পারে। অন্যদিকে নির্বাচন কমিশন এসব অভিযোগ অস্বীকার করেছে। কমিশনের বক্তব্য, বহু সদস্যের নির্বাচন কমিশনে মতপার্থক্য হওয়া স্বাভাবিক এবং শেষ পর্যন্ত সিদ্ধান্তগুলো ঐকমত্যের ভিত্তিতেই নেওয়া হয়েছে। 

এর একদিন আগে, মঙ্গলবারও বিরোধী এমপিরা নির্বাচন কমিশনের দপ্তরের দিকে মিছিল করার চেষ্টা করেছিলেন। পুলিশ তাদের আটকে দিলে তারা আকাশবাণী ভবনের কাছে দীর্ঘ সময় অবস্থান কর্মসূচি পালন করেন। ওই কর্মসূচিকে ঘিরেও বেশ কয়েকজন বিরোধী নেতা আটক হন এবং রাহুল গান্ধীর বিরুদ্ধে এফআইআর করা হয়। 

বুধবারের কর্মসূচিতে কংগ্রেসের পাশাপাশি তৃণমূল কংগ্রেস, সিপিআই(এম), সিপিআই, আরজেডি, ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগসহ কয়েকটি বিরোধী দলের এমপিরা অংশ নেন। তবে সমাজবাদী পার্টির এমপিরা এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন না।

দিল্লিতে কয়েক দিন ধরে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিভিন্ন বিরোধী দল, ছাত্র সংগঠন ও নাগরিক সমাজের কর্মসূচি চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিউ দিল্লি এলাকায় ব্যাপক নিরাপত্তা মোতায়েন করেছে পুলিশ এবং যন্তর মন্তরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে ব্যারিকেড দেওয়া হয়েছে। 

 

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন

𝑷𝒓𝒐𝒈𝒂𝒕𝒊𝑩𝒂𝒓𝒕𝒂

প্রগতি বার্তা
সত্যের সন্ধানে নির্ভীক