চলন্ত কাভার্ডভ্যান থেকে রাজশাহীর ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, উদ্ধার মালামাল
রাজশাহী প্রতিনিধি:
জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ম্যাচ খেলে ঢাকা থেকে রাজশাহী ফেরার পথে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাভার্ডভ্যান থেকে রাজশাহী বিভাগের ক্রিকেটারদের আটটি লাগেজ চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় চুরি যাওয়া লাগেজ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোরে রাজশাহীর পুঠিয়া উপজেলার তারাপুর গ্রামে অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয়। তবে ক্রিকেটার এসএম মেহেরব হাসানের লাগেজে থাকা নগদ তিন লাখ টাকা এখনো উদ্ধার হয়নি।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খুলনা বিভাগের বিপক্ষে ম্যাচ খেলে বুধবার সকালে বিমানে রাজশাহী ফেরেন রাজশাহী বিভাগের ক্রিকেটাররা। অন্যদিকে, দলের ক্রিকেটারদের মালামালসহ মোট ৫৪টি লাগেজ নিয়ে মঙ্গলবার রাতে ঢাকার থেকে রাজশাহীর উদ্দেশে রওনা হয় বিসিবির একটি কাভার্ডভ্যান।
বুধবার সকালে রাজশাহী নগরের একটি হোটেলে কাভার্ডভ্যান থেকে লাগেজ নামানোর সময় আটটি লাগেজ পাওয়া যায়নি। পরে বিষয়টি নিশ্চিত হয়ে ক্রিকেটার এসএম মেহেরব হাসান রাজশাহী মহানগরের রাজপাড়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
চুরি হওয়া আটটি লাগেজের মালিকদের মধ্যে রয়েছেন রাজশাহী বিভাগের স্পিনিং অলরাউন্ডার এসএম মেহেরব হাসান, পেসার মোহর শেখ অন্তর, পেসার মো. ওয়ালিদ ও দলের টিম বয় আব্দুল কাদের।
জিডির তথ্য অনুযায়ী, মেহেরব হাসানের লাগেজে ছিল পাসপোর্ট, আইফোন ১৫ প্রো ম্যাক্স, ৩০০ মার্কিন ডলার, নগদ তিন লাখ টাকা, ব্যবহৃত পোশাক ও প্রায় ৭০ হাজার টাকা মূল্যের তিনটি সুগন্ধি।
এ ছাড়া আব্দুল কাদেরের লাগেজে ছিল ম্যাসাজ বেল্ট ও জুতা, মোহর শেখ অন্তরের লাগেজে ছিল প্রায় ৩০ হাজার টাকা মূল্যের জেবিএল স্পিকার। মো. ওয়ালিদের লাগেজে ছিল পোশাক। দলের যৌথ ব্যবহারের পোশাক ও ক্রীড়াসামগ্রী থাকা আরও চারটি ব্যাগও চুরি হয়।
পুলিশ ও বিভিন্ন সুত্র অনুযায়ী, ঢাকা থেকে রাজশাহী যাওয়ার পথে নাটোর-রাজশাহী মহাসড়কের পুঠিয়া উপজেলার তারাপুর মোড় এলাকায় কাভার্ডভ্যানটির পেছনের তালা ভেঙে লাগেজগুলো চুরি করা হয়। মোটরসাইকেলে আসা কয়েকজন ব্যক্তি এ ঘটনায় জড়িত বলে পুলিশের তদন্তে উঠে এসেছে।
কাভার্ডভ্যানের চালক সজীব হোসেনকে পেছন থেকে আসা অন্য একটি গাড়ির চালক দরজা খোলা থাকার বিষয়টি জানান। পরে চালক গাড়ি থামিয়ে পেছনের দরজার তালা ভাঙা দেখতে পান। এরপর তিনি রাজশাহীর উদ্দেশে রওনা হন। গন্তব্যে পৌঁছে লাগেজ গণনার সময় আটটি ব্যাগ নিখোঁজ থাকার বিষয়টি ধরা পড়ে।
ঘটনার পর রাজশাহী জেলা পুলিশ ও গোয়েন্দা শাখা (ডিবি) তদন্ত শুরু করে। বৃহস্পতিবার ভোরে পুঠিয়া উপজেলার তারাপুর গ্রামে অভিযান চালিয়ে চুরি হওয়া লাগেজ ও বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়। এ সময় চারজনকে গ্রেফতারের তথ্য জানিয়েছে একাধিক সুত্র।
উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে আইফোন ১৫ প্রো ম্যাক্স, ৩০০ মার্কিন ডলার, ম্যাসাজ বেড, লাগেজ, প্লাস্টিকের বাক্স, নগদ আট হাজার টাকা, তালা ভাঙার সরঞ্জাম ও একটি মোটরসাইকেল। পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে পুঠিয়া থানায় মামলা করার প্রক্রিয়া চলছে।
রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্যসচিব মোজাদ্দেদ জামানী জানান, চুরি হওয়া মালামালের বেশির ভাগ উদ্ধার হয়েছে। তবে মেহেরব হাসানের লাগেজে থাকা তিন লাখ টাকা পাওয়া যায়নি। ওই টাকা উদ্ধারের চেষ্টা চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
ঘটনায় ক্রিকেটারদের ব্যক্তিগত কাগজপত্র ও মূল্যবান সামগ্রী নিয়ে উদ্বেগ তৈরি হলেও লাগেজ উদ্ধার হওয়ায় তাঁরা কিছুটা স্বস্তি পেয়েছেন। তবে নগদ টাকা উদ্ধারের বিষয়টি এখনো বাকি রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন