নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে রূপগঞ্জ থানার তারাবো পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের তারাবো উত্তরপাড়া এলাকায় ঝর্ণা মহলের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার নবাগত পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের দিকনির্দেশনায় রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এ এইচ এম সালাউদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল অভিযানটি পরিচালনা করে।
অভিযানে একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি এবং একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে চারজনকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতাররা হলেন—নাজমুল হোসেন (৩০), মো. নিহাল (২১), মো. সাজ্জাদ (২০) ও সফিকুল (২৪)।
তাদের মধ্যে নাজমুল হোসেন ও মো. নিহাল আপন ভাই বলে জানিয়েছে পুলিশ। তাদের বাবার নাম নবী হোসেন। সাজ্জাদের বাবার নাম আব্দুর রহিম এবং সফিকুলের বাবার নাম শহিদুল ইসলাম।
গ্রেফতার চারজনের বাড়ি তারাবো এলাকায়। তারা রূপগঞ্জ উপজেলার তারাবো এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
রূপগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার হওয়া অস্ত্র ও গুলির ঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না এবং উদ্ধার হওয়া অস্ত্রটি কোথা থেকে এসেছে বা কী উদ্দেশ্যে রাখা হয়েছিল, সে বিষয়ে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
পুলিশের এই অভিযানের মাধ্যমে এলাকায় অবৈধ অস্ত্রের ব্যবহার ও অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন