আমানতের সুদে উৎসে কর: ব্যাংকগুলোকে সতর্ক করল 'বাংলাদেশ ব্যাংক'।

বাংলাদেশ ব্যাংক

আন্তর্জাতিক ডেস্কঃ আমানতের বিপরীতে গ্রাহকদের দেওয়া সুদ বা মুনাফার ওপর প্রযোজ্য হারে উৎসে কর কর্তন এবং নির্ধারিত সময়ের মধ্যে তা সরকারি কোষাগারে জমা দেওয়ার ক্ষেত্রে ব্যাংকগুলোকে আরও সতর্ক হওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার (১০ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ (বিআরপিডি-১) থেকে এ বিষয়ে একটি সার্কুলার লেটার জারি করা হয়। দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে এ নির্দেশনা পাঠানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আমানতের বিপরীতে সুদ বা মুনাফা পরিশোধের সময় আয়কর আইন, ২০২৩ অনুযায়ী প্রযোজ্য হারে উৎসে কর কর্তন করতে হবে। কর কর্তনের ক্ষেত্রে গ্রাহকের ধরন ও সংশ্লিষ্ট আইনগত বিধান যথাযথভাবে অনুসরণ করতে হবে।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, কোনো করদাতা রিটার্ন দাখিলের প্রমাণ বা পিএসআর (Proof of Submission of Return) দিতে ব্যর্থ হলে আয়কর আইনে নির্ধারিত বিধান অনুযায়ী প্রযোজ্য হারের চেয়ে অতিরিক্ত হারে উৎসে কর কর্তনের বিষয়টিও নিশ্চিত করতে হবে।

এ ছাড়া ব্যাংকগুলোকে কর্তন করা উৎসে কর নির্ধারিত সময়ের মধ্যে সরকারি কোষাগারে জমা দিতে বলা হয়েছে। জুলাই থেকে মে মাস পর্যন্ত সময়ে কর্তন করা কর সংশ্লিষ্ট মাস শেষ হওয়ার পরবর্তী দুই সপ্তাহের মধ্যে জমা দিতে হবে।

জুন মাসের ১ থেকে ২০ তারিখের মধ্যে কর্তন করা কর সাত দিনের মধ্যে এবং ২০ জুনের পর কর্তন করা কর পরবর্তী দিনেই সরকারি কোষাগারে জমা দেওয়ার বিধান রয়েছে।

বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, নির্ধারিত সময় পার হওয়ার পর কর্তন করা উৎসে কর ব্যাংকের নিজস্ব হিসাবে বা জেনারেল লেজারে রেখে দেওয়া যাবে না। যথাসময়ে সরকারি কোষাগারে অর্থ জমা নিশ্চিত করতে হবে।

উৎসে কর কর্তন, জমা ও সংশ্লিষ্ট নথিপত্র সংরক্ষণের ক্ষেত্রেও ব্যাংকগুলোকে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি আয়কর আইন, ২০২৩ এবং উৎসে কর বিধিমালা, ২০২৩-এর প্রযোজ্য বিধান মেনে কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে, উৎসে কর কর্তনের ক্ষেত্রে কোনো ধরনের ভুল বা অনিয়ম যাতে না হয়, সে বিষয়ে ব্যাংকগুলোর অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা আরও কার্যকর করতে হবে। গ্রাহকের আমানতের সুদ বা মুনাফা পরিশোধের সময় সঠিক হারে কর কর্তন এবং তা নির্ধারিত সময়ে সরকারি কোষাগারে জমা দেওয়ার বিষয়টি ব্যাংক কর্তৃপক্ষকে নিশ্চিত করতে হবে।

0 تعليقات

إرسال تعليق

Post a Comment (0)

أحدث أقدم
প্রগতি বার্তা
ব্রেকিং নিউজ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
00:00:00

𝑷𝒓𝒐𝒈𝒂𝒕𝒊𝑩𝒂𝒓𝒕𝒂

প্রগতি বার্তা
সত্যের সন্ধানে নির্ভীক