আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে প্রায় চার বছর ধরে চলা তুলনামূলক শান্ত পরিস্থিতির অবসান ঘটিয়ে সৌদি আরবের দিকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা। হুথিদের দাবি, সানার আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি-সমর্থিত বাহিনীর হামলার জবাব হিসেবেই তারা এই আক্রমণ চালিয়েছে। হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহইয়া সারি জানান, সৌদি আরবের দক্ষিণাঞ্চলের আবহা আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। তবে সৌদি নেতৃত্বাধীন জোট দাবি করেছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হামলাটি প্রতিহত করেছে এবং এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এর আগে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার নিশ্চিত করে যে, সানার বিমানবন্দরে একটি সামরিক অভিযান চালানো হয়েছে। তাদের দাবি, একটি ইরানি বিমান অবতরণ ঠেকাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছিল, কারণ ওই বিমানে হুথি প্রতিনিধিদল ও সামরিক সংশ্লিষ্ট ব্যক্তিরা ছিলেন। বিশ্লেষকদের মতে, ২০২২ সালের যুদ্ধবিরতির পর এটাই সৌদি আরব ও হুথিদের মধ্যে সবচেয়ে বড় সীমান্তপারের সামরিক উত্তেজনা। সাম্প্রতিক এই সংঘাত মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে এবং ইয়েমেনে শান্তি আলোচনার ভবিষ্যৎ নিয়েও নতুন অনিশ্চয়তা সৃষ্টি করেছে।

একটি মন্তব্য পোস্ট করুন