ডেস্ক রিপোর্ট: বাংলাদেশে রাষ্ট্রপতির দায়িত্ব থেকে পদত্যাগ কিংবা সাংবিধানিক মেয়াদ শেষ হওয়ার পরও একজন সাবেক রাষ্ট্রপতি আইন অনুযায়ী বিভিন্ন আর্থিক ও রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা ভোগ করেন। বিদ্যমান আইনে এসব সুবিধার মধ্যে রয়েছে আজীবন মাসিক পেনশন, চিকিৎসা সুবিধা, সরকারি বাসস্থান ব্যবহারের সুযোগ, কূটনৈতিক পাসপোর্টসহ আরও বেশ কয়েকটি রাষ্ট্রীয় সুবিধা।
আইন অনুযায়ী, দায়িত্ব পালন শেষে একজন সাবেক রাষ্ট্রপতি শেষ প্রাপ্ত বেতনের ৭৫ শতাংশ হারে আজীবন পেনশন পান। বর্তমান বেতন কাঠামো অনুযায়ী এই পেনশনের পরিমাণ মাসে ৯০ হাজার টাকা।
এ ছাড়া সাবেক রাষ্ট্রপতির জন্য একজন ব্যক্তিগত সহকারী (পিএ) ও একজন পরিচারক নিয়োগের সুবিধা থাকে। চিকিৎসার ক্ষেত্রে তিনি মন্ত্রিপরিষদের একজন সদস্যের সমমানের সরকারি চিকিৎসাসেবা পাওয়ার অধিকারী হন।
সরকারি অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় সরকারি যানবাহন ব্যবহারের সুযোগ, সরকারি সার্কিট হাউস ও রেস্ট হাউসে নির্ধারিত নিয়মে অবস্থানের সুবিধা এবং কূটনৈতিক (ডিপ্লোম্যাটিক) পাসপোর্টও একজন সাবেক রাষ্ট্রপতির প্রাপ্য সুবিধার অন্তর্ভুক্ত।
এ ছাড়া সরকার নির্ধারিত সীমার মধ্যে টেলিফোন ও অন্যান্য আনুষঙ্গিক ব্যয়ের সুবিধাও দেওয়া হয়। কোনো সাবেক রাষ্ট্রপতির মৃত্যু হলে তার জীবিত স্বামী বা স্ত্রী আইন অনুযায়ী পারিবারিক পেনশন পাওয়ার অধিকারী হন।
রাষ্ট্রপতির অবসর-পরবর্তী এসব সুযোগ-সুবিধা President's Pension Ordinance, 1979 এবং President's (Remuneration and Privileges) Act, 1975-এর বিধান অনুযায়ী নির্ধারিত।

একটি মন্তব্য পোস্ট করুন