বিশেষ নিরাপত্তা চাদরে 'প্রধানমন্ত্রীর বাসভবন ' –কেপি আই।

প্রধানমন্ত্রীর বাসভবন

প্রগতি ডেস্ক:  রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনকে ‘বিশেষ শ্রেণির গুরুত্বপূর্ণ স্থাপনা’ বা কী পয়েন্ট ইনস্টলেশন (কেপিআই) হিসেবে ঘোষণা করেছে সরকার। এ সিদ্ধান্ত কার্যকর হওয়ায় ভবনটির নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে এবং রাষ্ট্রের সর্বোচ্চ নিরাপত্তা প্রোটোকল অনুসরণ করা হবে। সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী, কেপিআই ঘোষণার মাধ্যমে ভবনটির নিরাপত্তা, নজরদারি এবং প্রবেশ নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। নিরাপত্তা ব্যবস্থাপনার জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে একটি বিশেষ কমিটি দায়িত্ব পালন করবে। পাশাপাশি স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ), প্রেসিডেন্ট গার্ডস রেজিমেন্ট (পিজিআর) এবং বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করবেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, কেপিআই ঘোষিত স্থাপনাটির চারপাশে নিরাপত্তা অবকাঠামো আরও শক্তিশালী করা হবে। সীমানা প্রাচীরের উচ্চতা নির্ধারিত মান অনুযায়ী উন্নীত করার পাশাপাশি অতিরিক্ত নিরাপত্তা বেড়া স্থাপন করা হবে। আধুনিক নজরদারি প্রযুক্তি ব্যবহার করে ভবন ও আশপাশের এলাকা পর্যবেক্ষণের ব্যবস্থাও জোরদার করা হবে। এছাড়া নিরাপত্তার স্বার্থে ভবনের আশপাশে নতুন স্থাপনা নির্মাণের ক্ষেত্রে বিশেষ বিধিনিষেধ আরোপ করা হয়েছে। নির্দিষ্ট দূরত্বের মধ্যে কোনো নতুন ভবন নির্মাণ বা উঁচু স্থাপনা তৈরির আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে। নিরাপত্তা ঝুঁকি সৃষ্টি করতে পারে এমন অবকাঠামো বা প্রতিবন্ধকতাও প্রয়োজনে অপসারণ করা হবে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রধানমন্ত্রী ও তাঁর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নথি, প্রশাসনিক কার্যক্রম এবং জাতীয় নিরাপত্তার স্বার্থ বিবেচনায় গুলশানের এই সরকারি বাসভবনকে ‘বিশেষ শ্রেণির কেপিআই’ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।কেপিআই হিসেবে ঘোষিত স্থাপনাগুলো সাধারণত জাতীয় নিরাপত্তা, রাষ্ট্র পরিচালনা এবং গুরুত্বপূর্ণ সরকারি কার্যক্রমের সঙ্গে সরাসরি সম্পৃক্ত হওয়ায় এসব স্থাপনায় বিশেষ নিরাপত্তা বিধান কার্যকর থাকে।

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন