কৃত্রিম অঙ্গ তৈরিতে নতুন যুগ: এমআইটির ‘ব্লাড ভেসেল-অন-চিপ।

এমআইটির ‘ব্লাড ভেসেল-অন-এ-চিপ’
বিজ্ঞান ও প্রযুক্তি 
  দীর্ঘদিন ধরেই ল্যাবরেটরিতে মানুষের শরীরের বিভিন্ন কৃত্রিম অঙ্গ—যেমন লিভার, কিডনি ও রক্তনালী—তৈরির চেষ্টা করে আসছেন বিজ্ঞানীরা। তবে এই গবেষণার সবচেয়ে বড় বাধা ছিল কৃত্রিম অঙ্গের ভেতরে কার্যকর রক্তনালীর (ভাসকুলার নেটওয়ার্ক) জালিকা তৈরি করা। কারণ, রক্তনালী ছাড়া কোষে অক্সিজেন ও পুষ্টি পৌঁছায় না, ফলে কৃত্রিম অঙ্গ দীর্ঘ সময় কার্যকর রাখা সম্ভব হয় না। এই চ্যালেঞ্জ মোকাবিলায় যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (MIT)-এর একদল গবেষক নতুন একটি প্রযুক্তি উদ্ভাবন করেছেন, যার নাম "Blood-vessel-on-a-chip"। ডাকটিকিটের চেয়েও ছোট এই চিপের ভেতরে একটি পুষ্টিসমৃদ্ধ জেল এবং ক্ষুদ্র চুম্বক ব্যবহার করা হয়েছে। গবেষকেরা প্রথমে জেলের মধ্যে একটি ক্ষুদ্র ফাঁপা নালি তৈরি করেন। এরপর সেখানে মানুষের রক্তনালীর এন্ডোথেলিয়াল (Endothelial) কোষ প্রতিস্থাপন করা হয়। অল্প সময়ের মধ্যেই এসব কোষ নালির আকৃতি ধারণ করে নতুন নতুন সূক্ষ্ম রক্তনালী ও কৈশিক জালিকা গঠন করতে শুরু করে।

গবেষণায় আরও দেখা গেছে, চিপের ভেতরের চুম্বকের সাহায্যে রক্তনালীকে খুবই মৃদুভাবে টান (Stretching) দিলে নতুন ক্যাপিলারি বা উপশিরা তৈরির হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। বিশেষ করে জেলটিকে তার মোট প্রস্থের প্রায় ৫ শতাংশ পর্যন্ত এদিক-ওদিক টান দিলে রক্তনালী থেকে অসংখ্য নতুন শাখা-প্রশাখা গজিয়ে ওঠে। শুধু তাই নয়, বিজ্ঞানীরা রক্তনালী কোন দিকে বৃদ্ধি পাবে, সেটিও এই মৃদু যান্ত্রিক টানের দিক পরিবর্তনের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছেন। ফলে ভবিষ্যতে কৃত্রিম অঙ্গ তৈরিতে আরও নিখুঁত রক্তনালী নেটওয়ার্ক তৈরি করা সম্ভব হতে পারে।

গবেষকদের মতে, এই প্রযুক্তি সফলভাবে চিকিৎসায় প্রয়োগ করা গেলে হার্ট অ্যাটাক, স্ট্রোক বা অন্যান্য কারণে ক্ষতিগ্রস্ত রক্তনালী পুনর্গঠন ও মেরামতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পাশাপাশি ল্যাবে তৈরি কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপনের ক্ষেত্রেও এটি একটি যুগান্তকারী অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।বিশেষজ্ঞদের আশা, ভবিষ্যতে এই প্রযুক্তির আরও উন্নয়নের মাধ্যমে অঙ্গ প্রতিস্থাপনের অপেক্ষায় থাকা কোটি কোটি রোগীর জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে এবং পুনর্জনন চিকিৎসাবিজ্ঞানে (Regenerative Medicine) এটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ