ফেসবুক ও ইনস্টাগ্রামের মালিক প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস যুক্তরাষ্ট্রে নতুন আইনি চাপে পড়েছে। শিশু-কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যমে আসক্ত করে তোলার অভিযোগে দায়ের করা একটি গুরুত্বপূর্ণ মামলায় কোম্পানিটির মামলা খারিজের আবেদন নাকচ করে দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত।যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডে অবস্থিত ফেডারেল আদালতের বিচারক ইভোন গনজালেজ রজার্স রায়ে বলেন, মেটার বিরুদ্ধে আনা প্রতারণা, অন্যায্য ব্যবসায়িক আচরণ এবং শিশুদের অনলাইন গোপনীয়তা সুরক্ষা আইন (COPPA) লঙ্ঘনের অভিযোগগুলো বিচারযোগ্য। ফলে মামলাটি এখন পূর্ণাঙ্গ বিচার প্রক্রিয়ার দিকে এগোবে। মামলাটি করেছেন যুক্তরাষ্ট্রের ২৯টি অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেলরা। তাদের অভিযোগ, মেটা ইচ্ছাকৃতভাবে ফেসবুক ও ইনস্টাগ্রামের এমন কিছু ফিচার তৈরি করেছে, যা শিশু ও কিশোরদের দীর্ঘ সময় প্ল্যাটফর্মে আটকে রাখে এবং আসক্তির মতো আচরণ তৈরি করে। একই সঙ্গে প্রতিষ্ঠানটি এসব ডিজাইনের সম্ভাব্য মানসিক স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে জনসাধারণকে বিভ্রান্ত করেছে বলেও অভিযোগ করা হয়েছে। বিচারক আরও বলেন, শিশুদের তথ্য সংগ্রহের ক্ষেত্রে অভিভাবকদের যথাযথভাবে অবহিত করা এবং প্রয়োজনীয় সম্মতি নেওয়ার বাধ্যবাধকতা মেটা পূরণ করতে পারেনি বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে। এ কারণে শিশুদের অনলাইন গোপনীয়তা সুরক্ষা আইন সংশ্লিষ্ট দাবিও মামলায় বহাল থাকবে।
অন্যদিকে মেটা সব অভিযোগ অস্বীকার করেছে। কোম্পানিটির দাবি, "সোশ্যাল মিডিয়া আসক্তি" এখনো আনুষ্ঠানিকভাবে স্বীকৃত কোনো মানসিক রোগ নয় এবং তারা কখনোই শিশুদের ক্ষতির উদ্দেশ্যে তাদের প্ল্যাটফর্ম ডিজাইন করেনি। আদালতের সিদ্ধান্তের সঙ্গে দ্বিমত প্রকাশ করে মেটা জানিয়েছে, বিচার প্রক্রিয়ায় তারা নিজেদের অবস্থান প্রমাণ করবে।
ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল রব বোন্টা আদালতের এ সিদ্ধান্তকে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে উল্লেখ করেছেন। তার মতে, প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে শিশুদের মানসিক স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ে আরও বেশি জবাবদিহির আওতায় আনা প্রয়োজন। উল্লেখ্য, মেটার বিরুদ্ধে এটি একমাত্র মামলা নয়। যুক্তরাষ্ট্রজুড়ে হাজার হাজার ব্যক্তি, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন অঙ্গরাজ্য সামাজিক যোগাযোগমাধ্যমের ক্ষতিকর প্রভাবের অভিযোগে মেটাসহ একাধিক প্রযুক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে। বর্তমান মামলার পূর্ণাঙ্গ বিচার আগামী ১৮ আগস্ট শুরু হওয়ার কথা রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন