ডেস্ক রিপোর্ট: বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে কর মওকুফের ফলে সাশ্রয় হওয়া অর্থ গবেষণা, উদ্ভাবন, শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং আন্তর্জাতিক মান অর্জনে ব্যয় করার আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। শনিবার (১২ জুলাই) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি (এপিইউবি) আয়োজিত ‘জাতীয় বাজেট ২০২৬-২৭ বাস্তবায়নে দক্ষ মানবসম্পদ, গবেষণা, উদ্ভাবন ও অর্থনৈতিক উন্নয়নে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। অর্থমন্ত্রী বলেন, শিক্ষা একটি অলাভজনক (Non-profit) খাত। তাই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য মুনাফা অর্জন নয়; বরং শিক্ষার মান বৃদ্ধি, দক্ষ মানবসম্পদ তৈরি এবং গবেষণা ও উদ্ভাবনে বিনিয়োগ হওয়া উচিত। সরকারের কর ছাড়ের সিদ্ধান্তের উদ্দেশ্যও ছিল বিশ্ববিদ্যালয়গুলোকে এসব খাতে আরও বেশি বিনিয়োগে উৎসাহিত করা। তিনি আরও বলেন, কর মওকুফের মাধ্যমে যে অর্থ সাশ্রয় হবে, তা আধুনিক গবেষণাগার স্থাপন, গবেষণা প্রকল্পে অর্থায়ন, আন্তর্জাতিক সহযোগিতা, প্রযুক্তিনির্ভর শিক্ষা এবং শিক্ষকদের দক্ষতা উন্নয়নে ব্যয় করলে দেশের উচ্চশিক্ষা আরও প্রতিযোগিতামূলক হবে। এতে আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় র্যাংকিংয়েও বাংলাদেশের অবস্থান উন্নত হবে। আলোচনা সভায় অর্থমন্ত্রী বিশ্ববিদ্যালয়গুলোর স্ব-নিয়ন্ত্রণ (Self-regulation) ব্যবস্থার ওপরও গুরুত্বারোপ করেন। তাঁর মতে, অতিরিক্ত সরকারি নিয়ন্ত্রণের চেয়ে বিশ্ববিদ্যালয়গুলোর নিজস্ব জবাবদিহি ও সুশাসন শিক্ষা ব্যবস্থার মান উন্নয়নে বেশি কার্যকর ভূমিকা রাখতে পারে।
তিনি বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়ে তুলতে বিশ্ববিদ্যালয়গুলোকে শিল্পখাতের সঙ্গে গবেষণা ও উদ্ভাবনের সম্পর্ক আরও জোরদার করতে হবে। শিক্ষার্থীদের শুধু ডিগ্রিধারী নয়, কর্মদক্ষ ও উদ্ভাবনী মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে গবেষণায় বিনিয়োগ বাড়ানোর বিকল্প নেই। সভায় উপস্থিত শিক্ষাবিদ ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধিরাও গবেষণাভিত্তিক শিক্ষা বিস্তারে সরকারের সহযোগিতার প্রশংসা করেন। তারা আশা প্রকাশ করেন, কর-সুবিধার ফলে সাশ্রয় হওয়া অর্থ গবেষণা ও উদ্ভাবনে ব্যয় করলে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো আন্তর্জাতিক অঙ্গনে আরও প্রতিযোগিতামূলক হয়ে উঠবে।

0 মন্তব্যসমূহ