ডেস্ক রিপোর্ট : জুলাই আন্দোলনের সময় রাজধানীর ভাটারা এলাকায় ব্যবসায়ী রবিউল ইসলামকে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় বরিশাল-৫ আসনের সাবেক সংসদ সদস্য জেবুন্নেসা আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার (১ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।
আদালত সূত্র জানায়, এদিন কারাগারে থাকা জেবুন্নেসা আফরোজকে আদালতে হাজির করা হলে মামলার তদন্ত কর্মকর্তা তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানিতে রাষ্ট্রপক্ষ আবেদনটির পক্ষে যুক্তি উপস্থাপন করলে আদালত তা মঞ্জুর করেন। পরে তাকে পুনরায় কারাগারে পাঠানো হয়।
মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট রাজধানীর যমুনা ফিউচার পার্কের সামনে জুলাই আন্দোলনের একটি কর্মসূচিতে অংশ নেন ব্যবসায়ী রবিউল ইসলাম। অভিযোগে বলা হয়, ওই সময় আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের সশস্ত্র নেতাকর্মীদের গুলিতে তিনি আহত হন। পরে এ ঘটনায় একই বছরের ২৫ ডিসেম্বর ভাটারা থানায় বাদী হয়ে হত্যাচেষ্টার মামলা দায়ের করেন রবিউল ইসলাম।
তদন্তসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, জেবুন্নেসা আফরোজকে ২০২৫ সালের ১৬ মে রাজধানী থেকে গ্রেপ্তার করা হয়। এরপর বিভিন্ন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয় এবং তিনি বর্তমানে কারাগারে রয়েছেন। সর্বশেষ ভাটারা থানার এই মামলায় গত ২৮ জুন তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক রিফাত আল আফসানী। আদালত শুনানি শেষে সেই আবেদন মঞ্জুর করেন।

একটি মন্তব্য পোস্ট করুন