আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় মুখোশধারী দুর্বৃত্তের গুলিতে মো. মাহফুজুল হক নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার (৭ জুলাই) রাতে শহরের কিংসেসিং (Kingsessing) এলাকায় খাবার সরবরাহের কাজ করার সময় এ হামলার ঘটনা ঘটে।পুলিশ জানায়, মাহফুজুল হক একটি খাবার সরবরাহকারী প্রতিষ্ঠানের হয়ে ডেলিভারির কাজ করছিলেন। রাত সাড়ে ৯টার দিকে একটি ঠিকানায় খাবার পৌঁছে দিতে গেলে তাকে লক্ষ্য করে গুলি চালায় মুখোশধারী কয়েকজন দুর্বৃত্ত। গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফিলাডেলফিয়া পুলিশের চিফ ইন্সপেক্টর স্কট স্মলের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ঘটনাস্থল থেকে রাইফেলের ব্যবহৃত খোসা উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, এটি পরিকল্পিত হামলা হতে পারে। হামলার পর তিনজন মুখোশধারী সন্দেহভাজনকে এলাকা থেকে পালিয়ে যেতে দেখা গেছে। তদন্তকারীরা আরও জানান, যে ঠিকানায় খাবার পৌঁছে দিতে গিয়েছিলেন, সেখানে বসবাসকারী ব্যক্তিরা দাবি করেছেন তারা কোনো খাবারের অর্ডার দেননি। ফলে ভুয়া অর্ডারের মাধ্যমে ডেলিভারি কর্মীকে ফাঁদে ফেলে হামলা চালানো হয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে।
মাহফুজুল হকের মৃত্যুর ঘটনায় যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই এ হত্যাকাণ্ডের দ্রুত তদন্ত ও দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

0 মন্তব্যসমূহ