এডিবির ভাইস প্রেসিডেন্ট ইংমিং ইয়াংয়ের বাংলাদেশ সফরে বিনিয়োগ, নীতিগত সংস্কার ও আইজিএনডি উদ্যোগে গুরুত্ব দেওয়ার বার্তা।

এডিবি

 ডেস্ক রিপোর্টঃ এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) দক্ষিণ, মধ্য ও পশ্চিম এশিয়াবিষয়ক ভাইস প্রেসিডেন্ট ইংমিং ইয়াং বাংলাদেশে পাঁচ দিনের সরকারি সফর শেষ করেছেন। সফরে বাংলাদেশের পরবর্তী কান্ট্রি পার্টনারশিপ স্ট্র্যাটেজি (সিপিএস), নীতিগত সংস্কার, অগ্রাধিকারমূলক বিনিয়োগ এবং সমন্বিত প্রবৃদ্ধি নেটওয়ার্ক উন্নয়ন (আইজিএনডি) উদ্যোগ এগিয়ে নেওয়ার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সফর শেষে এডিবির ঢাকা কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সফরকালে ইংমিং ইয়াং বলেন, বাংলাদেশ উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে প্রবেশ করেছে। এ সময়ে দেশের প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানো, বেসরকারি বিনিয়োগ আকর্ষণ এবং অর্থনীতির প্রতিরোধক্ষমতা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন।

তিনি বলেন, আলোচনাগুলো এডিবি ও বাংলাদেশের দীর্ঘদিনের অংশীদারত্বের দৃঢ়তা আবারও তুলে ধরেছে। একই সঙ্গে কৌশলগত অঙ্গীকারগুলোকে পর্যায়ক্রমে সংস্কার, লাভজনক বিনিয়োগ এবং কার্যকর বাস্তবায়নে রূপ দেওয়ার প্রয়োজনীয়তাও আলোচনায় এসেছে।

এডিবির তথ্য অনুযায়ী, সরকার পরিচালিত আইজিএনডি উদ্যোগের লক্ষ্য হলো সংস্কার, বিনিয়োগ ও প্রতিষ্ঠানগুলোকে সমন্বিত করে দেশের বিভিন্ন অঞ্চলে নতুন অর্থনৈতিক সুযোগ তৈরি করা। এর মাধ্যমে যোগাযোগব্যবস্থা ও উৎপাদনশীলতা বাড়ানোর পাশাপাশি ভারসাম্যপূর্ণ আঞ্চলিক প্রবৃদ্ধিতে সহায়তা করার পরিকল্পনা রয়েছে। মে মাসে এডিবি প্রেসিডেন্ট মাসাতো কান্দার বাংলাদেশ সফরের সময় সংস্থাটি আইজিএনডি উদ্যোগে পাঁচ বছরে ৫ বিলিয়ন ডলার সহায়তার পরিকল্পনার কথা জানিয়েছিল।

ইংমিং ইয়াংয়ের সফরটি মে মাসে এডিবি প্রেসিডেন্ট মাসাতো কান্দার বাংলাদেশ সফরের ধারাবাহিকতা হিসেবে অনুষ্ঠিত হয়। এর আগে কান্দার সফরে বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার নিয়ে সরকারের সঙ্গে আলোচনা এবং প্রায় ১ দশমিক ৪ বিলিয়ন ডলারের ঋণচুক্তি সম্পন্ন হয়েছিল।

সফরকালে এডিবির ভাইস প্রেসিডেন্ট অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। এ ছাড়া বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান এবং প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীরের সঙ্গে পৃথক বৈঠক করেন।

বৈঠকগুলোতে চট্টগ্রামকে দেশের প্রধান সামুদ্রিক ও অর্থনৈতিক প্রবেশদ্বার হিসেবে আরও শক্তিশালী করা, ডিজিটাল রূপান্তর এবং জলবায়ুসহনশীল বিনিয়োগসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

চট্টগ্রামে অনুষ্ঠিত আইজিএনডি-সংক্রান্ত একটি জাতীয় সেমিনারেও মূল বক্তব্য দেন ইংমিং ইয়াং। সফরকালে তিনি এডিবির সহায়তায় পরিচালিত ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম’-এর মাঠপর্যায়ের কার্যক্রম পরিদর্শন করেন।

বাংলাদেশে এডিবির দেশীয় কার্যালয়ের কান্ট্রি ডিরেক্টর কিংসফেন ঝাং সফরজুড়ে ইংমিং ইয়াংয়ের সঙ্গে ছিলেন।

এডিবির চলমান পরিকল্পনায় আইজিএনডি বাংলাদেশের বিনিয়োগ, কর্মসংস্থান, যোগাযোগব্যবস্থা ও আঞ্চলিক অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানোর একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, আগামী বছরগুলোতে বাংলাদেশের অর্থনৈতিক বৈচিত্র্য, বিনিয়োগ বৃদ্ধি ও দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধির লক্ষ্য পূরণে এ উদ্যোগকে আরও কার্যকরভাবে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

0 تعليقات

إرسال تعليق

Post a Comment (0)

أحدث أقدم
প্রগতি বার্তা
ব্রেকিং নিউজ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
00:00:00

𝑷𝒓𝒐𝒈𝒂𝒕𝒊𝑩𝒂𝒓𝒕𝒂

প্রগতি বার্তা
সত্যের সন্ধানে নির্ভীক