বিশেষ প্রতিনিধিঃ
আগামী ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপনে দেশব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে সরকার। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথক বাণী দেবেন। এদিন সারা দেশে সাধারণ ছুটি থাকবে। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও বিদেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাসগুলোতে জাতীয় পতাকা উত্তোলন করা হবে।
বুধবার (৪ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কর্মসূচির কথা জানানো হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর সভাপতিত্বে গত ২৮ অক্টোবর মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের পর্যালোচনা সভায় দিবসটি উদযাপনের কর্মসূচি সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়।
সরকারি কর্মসূচির অংশ হিসেবে ৭ নভেম্বর সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। একই সঙ্গে বিদেশে অবস্থিত বাংলাদেশের সব দূতাবাস ও মিশনেও জাতীয় পতাকা উত্তোলন করা হবে।
এ ছাড়া গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, সিটি করপোরেশন ও পৌরসভার যৌথ উদ্যোগে দেশের প্রধান প্রধান সড়ক ও সড়কদ্বীপ জাতীয় পতাকা দিয়ে সাজানো হবে।
দিবসটি উপলক্ষে দেশের সব মসজিদে সুবিধাজনক সময়ে মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে। পাশাপাশি মন্দির, গির্জা, প্যাগোডাসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। এসব প্রার্থনায় দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করা হবে।
এ ছাড়া দেশের সব হাসপাতাল, কারাগার, এতিমখানা, শিশুকেন্দ্র, শিশু পরিবার, শিশুসদন, কিশোর সংশোধন কেন্দ্র, শান্তি নিবাস ও ভবঘুরে প্রতিষ্ঠানগুলোতে সুবিধাজনক সময়ে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে।
শিশুদের জন্য বিনা টিকিটে উন্মুক্ত থাকবে পার্ক
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সিটি করপোরেশন ও পৌরসভার ব্যবস্থাপনায় দেশের সব শিশুপার্ক দিনব্যাপী শিশুদের জন্য বিনা টিকিটে উন্মুক্ত রাখা হবে।
নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এবং স্থানীয় প্রশাসনের সহযোগিতায় জেলা ও উপজেলা পর্যায়ে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হবে। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে দিবসটির তাৎপর্য তুলে ধরে বিশেষ আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
টেলিভিশন ও বেতারে বিশেষ অনুষ্ঠান
দিবসটি উপলক্ষে জাতীয় দৈনিক সংবাদপত্রগুলোতে বিশেষ নিবন্ধ, সাহিত্য-সাময়িকী ও ক্রোড়পত্র প্রকাশ করা হবে। বাংলাদেশ টেলিভিশন, বেসরকারি টেলিভিশন চ্যানেল ও রেডিওতে প্রচার করা হবে বিশেষ অনুষ্ঠানমালা।
এ ছাড়া সিনেমা হল ও ভ্রাম্যমাণ ভ্যানের মাধ্যমে প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনের উদ্যোগ নেওয়া হয়েছে।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে আয়োজন করা হবে দেশাত্মবোধক গানের আসর। জেলা ও উপজেলা পর্যায়ে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভার পাশাপাশি প্রদর্শনী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে।
বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে বিশেষ আলোচনা সভা
দিবসটি উপলক্ষে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং বীর মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণে বিশেষ স্মারক আলোচনা সভার আয়োজন করা হবে।
অন্যদিকে, সশস্ত্র বাহিনীর উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলন, মিলাদ মাহফিল, প্রীতিভোজ ও বিশেষ দরবার অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ক্যাডেট কোরের তত্ত্বাবধানে ঢাকার আর্মি স্টেডিয়ামে বর্ণাঢ্য ডিসপ্লে প্রদর্শনের কর্মসূচিও রয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), আনসার ও ভিডিপি, বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর, বাংলাদেশ কোস্ট গার্ড, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কারা অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর, জাতীয় টেলিযোগাযোগ পর্যবেক্ষণ কেন্দ্র (এনটিএমসি) এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদর দপ্তরে মিলাদ মাহফিল, প্রীতিভোজ ও বিশেষ দরবারের আয়োজন করা হবে।
প্রতি বছর ৭ নভেম্বর সাধারণ ছুটি
উল্লেখ্য, গত ৫ অক্টোবর অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে প্রতি বছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তী সময়ে ৭ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপনসংক্রান্ত নির্দেশিকায় দিবসটিকে ‘ক’ শ্রেণিভুক্ত করা হয়েছে। ফলে প্রতিবছর রাষ্ট্রীয়ভাবে দিবসটি পালিত হবে।
ঐতিহাসিকভাবে ১৯৭৫ সালের ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ও সামরিক ইতিহাসে গুরুত্বপূর্ণ একটি দিন। ওই দিনের ঘটনাপ্রবাহকে কেন্দ্র করে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়ে আসছে।
সরকারের গৃহীত এসব কর্মসূচির মাধ্যমে দিবসটি জাতীয় পর্যায়ে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন