নিজস্ব প্রতিবেদক | প্রগতি বার্তা
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় এক আসামিকে জামিনে মুক্ত করে দেওয়ার আশ্বাস দিয়ে ১ কোটি টাকা ঘুষ দাবির অভিযোগে আলোচিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর মো. সাইমুম রেজা তালুকদার দেশ ছেড়েছেন। গত ৩১ অক্টোবর তিনি বাংলাদেশ ত্যাগ করে ইতালি গেছেন। তবে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে গঠিত পাঁচ সদস্যের ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি আট মাস পেরিয়ে গেলেও এখনো চূড়ান্ত প্রতিবেদন জমা দিতে পারেনি।
মঙ্গলবার (৩ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে বিষয়টি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব তথ্য জানান চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
সংবাদ ব্রিফিংয়ে একজন সাংবাদিক প্রশ্ন করেন, ১ কোটি টাকা ঘুষ দাবির অভিযোগে অভিযুক্ত সাবেক প্রসিকিউটর ৩১ অক্টোবর দেশ ছেড়ে ইতালি চলে গেছেন। অথচ তাঁর বিরুদ্ধে গঠিত তদন্ত কমিটি আট মাসেও প্রতিবেদন দিতে পারেনি। তদন্তের দীর্ঘসূত্রতার সুযোগেই তিনি দেশ ছাড়ার সুযোগ পেয়েছেন কি না।
জবাবে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, তদন্ত কমিটির কার্যক্রম চলমান রয়েছে এবং তা শেষ পর্যায়ে আছে। তবে সাইমুম রেজা তালুকদারের বিদেশযাত্রার ওপর কোনো নিষেধাজ্ঞা ছিল না। ফলে তিনি কোথায় যাবেন, সে বিষয়ে ট্রাইব্যুনালের প্রসিকিউশন কার্যালয়ের কিছু করার সুযোগ ছিল না।
তিনি আরও জানান, তিনি চিফ প্রসিকিউটর হিসেবে দায়িত্ব গ্রহণের এক মাসের মধ্যেই সাইমুম রেজার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল। তাঁকে প্রথমে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় এবং পরে চাকরিচ্যুত করা হয়।
সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীর পরিবারের কাছে ১ কোটি টাকা ঘুষ দাবির অভিযোগকে কেন্দ্র করে চলতি বছরের মার্চে আলোচনায় আসেন সাইমুম রেজা তালুকদার।
অভিযোগ অনুযায়ী, জুলাই গণ-অভ্যুত্থানের সময় চট্টগ্রামে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত ফজলে করিম চৌধুরীকে জামিনে মুক্ত করে দেওয়ার আশ্বাস দিয়ে তাঁর পরিবারের কাছে ওই অর্থ দাবি করা হয়েছিল।
সুত্র গুলো থেকে জানা গিয়েছে, সাবেক প্রসিকিউটর ও ফজলে করিম চৌধুরীর পরিবারের সদস্যদের মধ্যে হোয়াটসঅ্যাপে কথোপকথনের অডিও রেকর্ডিংয়ের বিষয়টি উঠে আসে।
প্রতিবেদন প্রকাশের আগে, ৯ মার্চ পদত্যাগ করেন সাইমুম রেজা তালুকদার। অভিযোগের বিষয়টি সামনে আসার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন কার্যালয় তদন্তের উদ্যোগ নেয়।
গত ১০ মার্চ অভিযোগ তদন্তে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলামকে প্রধান করে পাঁচ সদস্যের একটি ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি গঠন করা হয়।
পরবর্তী সময়ে ২১ এপ্রিল চিফ প্রসিকিউটর জানান, অভিযোগের পক্ষে প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। সংশ্লিষ্ট অডিও রেকর্ডিং ও কথোপকথনের কণ্ঠস্বর যাচাই করা হয়েছে বলেও তিনি জানান।
অন্যদিকে, সাইমুম রেজা তালুকদার অভিযোগ অস্বীকার করে অডিও রেকর্ডিংগুলোকে মিথ্যা ও অপপ্রচার বলে দাবি করেছিলেন।
তদন্ত প্রতিবেদন জমা দিতে বিলম্বের কারণ ব্যাখ্যা করে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানান, কমিটির একজন সদস্য দীর্ঘদিন অসুস্থ ছিলেন। এ ছাড়া তিনি নিজেও কিছু সময় দেশের বাইরে ছিলেন। কমিটির আরেক সদস্যের মা মারা যাওয়ায় তিনিও দীর্ঘদিন দায়িত্ব পালন করতে পারেননি।
এসব বাস্তব পরিস্থিতির কারণে তদন্ত কার্যক্রম শেষ করতে বিলম্ব হয়েছে বলে জানান তিনি। তবে কমিটির কাজ বর্তমানে শেষ পর্যায়ে রয়েছে এবং দ্রুত প্রতিবেদন জমা দেওয়া হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
চিফ প্রসিকিউটর আরও বলেন, ঘুষ চাওয়া এবং ঘুষ দেওয়া—দুটিই অপরাধ। তাই যাঁরা ঘুষ দেওয়ার প্রস্তাব নিয়ে এসেছিলেন, তাঁদের দায়বদ্ধতার বিষয়টিও বিবেচনায় নিতে হবে।
সাইমুম রেজা তালুকদারের দেশত্যাগের খবর প্রকাশের পর তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তের অগ্রগতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পরও কেন এত দীর্ঘ সময়েও চূড়ান্ত প্রতিবেদন জমা পড়েনি, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
তবে চিফ প্রসিকিউটরের বক্তব্য অনুযায়ী, তাঁর বিদেশযাত্রায় কোনো আইনি নিষেধাজ্ঞা ছিল না। অন্যদিকে, তদন্ত কমিটির চূড়ান্ত প্রতিবেদন এখনো প্রকাশিত হয়নি।

একটি মন্তব্য পোস্ট করুন