প্রগতি বার্তা
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

রংপুরে অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ২জন।

রংপুরের গঙ্গাচড়ায় অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনিতে দুই ব্যক্তির মৃত্যুর ঘটনাস্থল।

 


 রংপুর প্রতিনিধিঃ রংপুরের গঙ্গাচড়া উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনিতে দুই ব্যক্তি নিহত হয়েছেন। রোববার (২৫ অক্টোবর) ভোরে উপজেলার বড়বিল ইউনিয়নের বাগপুর বাগেরহাট গ্রামের পুকুরখুড়ির দোলা ক্যানেল এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে।

নিহতরা হলেন- নোহালী ইউনিয়নের বাগডহরা এলাকার রেজাউল ইসলাম ওরফে কানা এবং কোলকোন্দ ইউনিয়নের বাসিন্দা সাদিকুল ইসলাম। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার ভোর ৫টার দিকে বড়বিল ইউনিয়নের বাগপুর এলাকার বাসিন্দা সোহেল মিয়ার বাড়ি থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। এ সময় সোহেল বিষয়টি টের পেয়ে চিৎকার শুরু করেন।

সোহেলের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসেন। একপর্যায়ে পাশের মসজিদের মাইকে অটোরিকশা চুরির অভিযোগ জানিয়ে ঘোষণা দেওয়া হয়। এতে ফজরের নামাজ পড়তে আসা মুসল্লিসহ স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হন।

পরে অটোরিকশাসহ দুই ব্যক্তিকে ধাওয়া করেন তাঁরা। একপর্যায়ে ওই দুই ব্যক্তি অটোরিকশাটি নিয়ে পালানোর চেষ্টা করলে স্থানীয় লোকজন তাঁদের পিছু নেন। পরে বাড়ি থেকে কিছুটা দূরে উত্তর পানাপুকুর এলাকার একটি ধানখেত ও ক্যানেলসংলগ্ন স্থানে তাঁদের আটক করা হয়।

স্থানীয় সূত্রের ভাষ্য অনুযায়ী, আটক করার পর উত্তেজিত জনতা ওই দুই ব্যক্তিকে মারধর করেন। এতে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং মরদেহ দেখতে সেখানে লোকজন জড়ো হন।

খবর পেয়ে গঙ্গাচড়া মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে। পরে মরদেহের সুরতহালসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করা হয়।

গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সবুরের ভাষ্য অনুযায়ী  অটোরিকশা চুরির অভিযোগে উত্তেজিত জনতার পিটুনিতে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। ময়নাতদন্তের পর অভিযোগকারীদের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।

তবে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের ভূমিকা, অটোরিকশা চুরির অভিযোগের বিস্তারিত এবং এ ঘটনায় মামলা হয়েছে কি না, তা এই রিপোর্ট লিখা পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। 



0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন

𝑷𝒓𝒐𝒈𝒂𝒕𝒊𝑩𝒂𝒓𝒕𝒂

প্রগতি বার্তা
সত্যের সন্ধানে নির্ভীক