প্রগতি বার্তা
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

ব্যবসায়ীকে অপহরণ করে ১০ লাখ টাকা চাঁদা দাবি, ডিজিএফআইয়ের দুই সদস্যসহ গ্রেফতার ৬জন।

মোহাম্মদপুরে ব্যবসায়ীকে অপহরণ ও চাঁদা দাবির মামলায় ডিজিএফআই সদস্যসহ ছয়জন গ্রেপ্তার এবং আদালতের নির্দেশে কারাগারে পাঠানোর খবর।


নিজস্ব প্রতিবেদক | ঢাকা

রাজধানীর মোহাম্মদপুরে মোটরসাইকেল কেনার কথা বলে এক ব্যবসায়ীকে বাসায় ডেকে আটকে রেখে ১০ লাখ টাকা চাঁদা দাবি, মারধর ও অপহরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) দুই সদস্য, এক আনসার সদস্যসহ ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (২৫ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হকের আদালত শুনানি শেষে গ্রেফতার ছয়জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা তাঁদের কারাগারে রাখার আবেদন করলে আদালত এ আদেশ দেন। 

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী মো. শরিফ (৩২) রাজধানীর শ্যামলীর একজন মোটরসাইকেল ব্যবসায়ী। প্রতিবেশী হিসেবে আনসার সদস্য সোহেল রানার সঙ্গে তাঁর পরিচয় ও সুসম্পর্ক ছিল।

গত শনিবার (২৪ অক্টোবর) রাত ৯টার দিকে মোটরসাইকেল কেনার কথা বলে শরিফকে মোহাম্মদপুরের চন্দ্রিমা মডেল টাউনের ৬ নম্বর সড়কের একটি বাসার ষষ্ঠ তলার ফ্ল্যাটে নিয়ে যান সোহেল। সেখানে এক নারীকে নিজের বোন হিসেবে পরিচয় করিয়ে দেওয়ার পর ওয়াশরুমে যাওয়ার কথা বলে তিনি বেরিয়ে যান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, কিছুক্ষণ পর অন্য কয়েকজন ওই ফ্ল্যাটে প্রবেশ করে শরিফকে আটকে রাখেন। এ সময় তাঁর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। তাঁদের হাত থেকে মুক্তি পেতে শরিফ মোটরসাইকেল কেনার জন্য সঙ্গে রাখা ৭০ হাজার টাকা দিতে বাধ্য হন।

তবে ওই টাকা নেওয়ার পরও অভিযুক্তরা সন্তুষ্ট হননি বলে অভিযোগ করেছেন শরিফ। তাঁকে মারধর করে আবারও ১০ লাখ টাকা দাবি করা হয়। একপর্যায়ে পরিবারের সদস্যদের ফোন করে টাকা সংগ্রহের চেষ্টা করেন তিনি।

এজাহারের বিবরণ অনুযায়ী, ২৫ অক্টোবর রাত আনুমানিক ৩টার দিকে শরিফকে ওই বাসা থেকে নামিয়ে একটি সাদা রঙের টয়োটা প্রোবক্স গাড়িতে তোলা হয়। পরে তাঁকে রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের বিপরীত পাশে নিয়ে গাড়ির ভেতরে আটকে রাখা হয়।

এ সময় অভিযুক্তদের কয়েকজন চা পান করতে গাড়ি থেকে নামলে শরিফ পুলিশের একটি টহল গাড়ি দেখতে পান। সুযোগ বুঝে তিনি গাড়ি থেকে নেমে পুলিশের কাছে গিয়ে সহায়তা চান।

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, শিশুমেলা এলাকায় পুলিশের নিয়মিত চেকপোস্ট চলছিল। সেখানে ওই ব্যবসায়ী পুলিশের সহায়তা চাইলে ঘটনাটি সামনে আসে। পরে পুলিশ গাড়িতে থাকা পাঁচজনকে আটক করে। এরপর তাঁদের মোহাম্মদপুর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় ব্যবহৃত গাড়িটিও জব্দ করা হয়েছে বলে বিভিন্ন বিশস্ত সুত্র থেকে  জানানো হয়েছে।

পরে মোহাম্মদপুর থানা-পুলিশ আনসার সদস্য সোহেল রানাকেও গ্রেফতার করে। এ ঘটনায় ভুক্তভোগী শরিফের অভিযোগের ভিত্তিতে মামলা করা হয়।


গ্রেফতার ব্যক্তিরা হলেন ডিজিএফআই সদর দপ্তরের সার্জেন্ট আল মামুন (৩৯) ও ল্যান্স করপোরাল নুরুজ্জামান (৩১), আনসার সদস্য সোহেল রানা (৩২), বেসরকারি নিরাপত্তাপ্রতিষ্ঠানের নিরাপত্তাপ্রহরী মুকুল গাজী (২৬), মাহফুজুর রহমান (২২) এবং জিয়াউল ইসলাম (৩৫)। 

এ ছাড়া মামলায় সোনিয়া (৩০) ও ফনিরুল ওরফে মনিরুল (৪৫) নামে আরও দুজনকে আসামি করা হয়েছে বলে  জানা গিয়েছে। 

মামলার তদন্ত কর্মকর্তা আদালতে আসামিদের কারাগারে রাখার আবেদন করেন। শুনানি শেষে আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তবে মামলার তদন্ত এখনো চলমান।

 

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন

𝑷𝒓𝒐𝒈𝒂𝒕𝒊𝑩𝒂𝒓𝒕𝒂

প্রগতি বার্তা
সত্যের সন্ধানে নির্ভীক