প্রগতি বার্তা
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

লক্ষ্মীপুরে ৬ বালুমহালে হামলা-ভাঙচুর, টাকা ও সিসিটিভি লুটের অভিযোগ।

লক্ষ্মীপুরের মজুচৌধুরীহাটে ছয়টি বালুমহালের অফিসে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা।

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরের মজুচৌধুরীহাটে ছয়টি বালুমহালের অফিস ও একটি দোকানে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে ছাত্রদলের বিরুদ্ধে। এ ঘটনায় বালুমহালের একজন আহত হয়েছেন। রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যায় সদর উপজেলার মজুচৌধুরীহাট বালুর ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীদের অভিযোগ, মোটরসাইকেলে করে আসা ১২ থেকে ১৫ জনের একটি দল লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে বালুমহালের অফিসগুলোতে হামলা চালায়। এ সময় পাঁচটি অফিস ও একটি দোকানে ভাঙচুর করা হয়। পরে অফিসে থাকা দিনের বিক্রির টাকা, সিসিটিভি ক্যামেরা, মনিটর, হার্ডডিস্ক ও বিভিন্ন গুরুত্বপূর্ণ মালামাল নিয়ে যায় হামলাকারীরা।

ঘটনার পর স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হামলার সঙ্গে ছাত্রদলের নেতাকর্মীরা জড়িত বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীদের কেউ কেউ। তবে এ অভিযোগ অস্বীকার করেছে জেলা ছাত্রদল। তাদের দাবি, অন্য পক্ষ এ ঘটনা ঘটিয়ে ছাত্রদলের ওপর দায় চাপানোর চেষ্টা করছে।

সদর উপজেলা পশ্চিম বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক জামাল হোসেন বলেন, সন্ধ্যায় তার বালুমহালের অফিসে হামলা চালানো হয়। এ সময় নগদ টাকা, সিসিটিভি ক্যামেরাসহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র লুট করা হয়েছে। একইভাবে আরও কয়েকটি বালুমহালের অফিসেও হামলা চালানো হয়।

তিনি বলেন, ‘কে বা কারা ছাত্রদলের নাম দিয়ে এসব ঘটিয়েছে। স্থানীয় ছাত্রদলের নেতাদের সঙ্গে কথা বলেছি, তারা কিছুই জানেন না বলে জানিয়েছেন। আরও কয়েকটি বালুমহলেও হামলা হয়েছে।’

অন্যদিকে, হামলার সঙ্গে ছাত্রদলের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন জেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল বারাকাত সৌরভ। তাঁর দাবি, ঘটনার দিন এলাকায় ছাত্রলীগের মিছিলের খবর পেয়ে ছাত্রদলের নেতাকর্মীরা সেখানে গিয়েছিলেন। তবে তারা কোনো ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা করেননি।

আবুল বারাকাত সৌরভ বলেন, ‘সকালে মজুচৌধুরীর হাট এলাকায় ছাত্রলীগ মিছিল করেছে। বিকালেও মিছিল করার খবর পেয়ে ছাত্রদল সেখানে যায়। তবে ছাত্রদল কোনো ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা করেনি। এটি ছাত্রলীগ করে হয়তো ছাত্রদলের ওপর দায় চাপিয়ে দিচ্ছে।’

এ বিষয়ে লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, বালুমহালে হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনা তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

তবে হামলার পেছনের কারণ, লুট হওয়া মালামালের পরিমাণ এবং ঘটনায় জড়িত ব্যক্তিদের পরিচয় তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় মামলা হয়েছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। 

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন

𝑷𝒓𝒐𝒈𝒂𝒕𝒊𝑩𝒂𝒓𝒕𝒂

প্রগতি বার্তা
সত্যের সন্ধানে নির্ভীক