প্রগতি বার্তা
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

কালকিনিতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্তের বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ।

কালকিনিতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ

প্রগতি বার্তা ডেস্কঃ মাদারীপুরের কালকিনি উপজেলায় পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে ৫৭ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনার পর অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে স্থানীয় বিক্ষুব্ধ বাসিন্দারা ঝাড়ুমিছিলও করেছেন।

সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যায় কালকিনি উপজেলার সাহেবরামপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান।

ভুক্তভোগী শিশুর পরিবার, স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি সাহেবরামপুর ইউনিয়নের একটি এলাকায় পাঁচ বছরের ওই শিশুকে বাড়িতে একা পেয়ে হাবুল শিকদার (৫৭) ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। ঘটনার পর বিষয়টি পরিবারের সদস্য ও স্থানীয়দের মধ্যে জানাজানি হলে এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়ে।

অভিযোগ ওঠার পর থেকেই হাবুল শিকদার আত্মগোপনে রয়েছেন বলে স্থানীয়রা জানান। তাকে গ্রেফতারের, দাবিতে স্থানীয়দের মধ্যে ক্ষোভ আরও বাড়তে থাকে।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, ঘটনার পর থানায় মামলা না করার জন্য অভিযুক্তের পক্ষ থেকে বিভিন্ন ব্যক্তির মাধ্যমে তাদের ওপর চাপ সৃষ্টি করা হয়। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে উত্তেজনা তৈরি হয়।

সোমবার সন্ধ্যায় একপর্যায়ে বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্তের বাড়ির সামনে জড়ো হন। তারা অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে ঝাড়ুমিছিল করেন। পরে উত্তেজিত কয়েকজন ওই বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।

খবর পেয়ে কালকিনি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। একই সময় ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ করেন।

পুলিশ জানিয়েছে, শিশুটিকে ধর্ষণচেষ্টার অভিযোগের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা যাচাই এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্ত হাবুল শিকদারকে গ্রেফতারের  বিষয়েও পুলিশ কাজ করছে বলে জানা গেছে।

এদিকে শিশুটির পরিবারের নিরাপত্তা ও মানসিক অবস্থার বিষয়টি বিবেচনায় নিয়ে তার পরিচয় প্রকাশ করা হয়নি। অভিযোগের সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

ঘটনাকে কেন্দ্র করে সাহেবরামপুর ইউনিয়নে যাতে নতুন করে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

 

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন

𝑷𝒓𝒐𝒈𝒂𝒕𝒊𝑩𝒂𝒓𝒕𝒂

প্রগতি বার্তা
সত্যের সন্ধানে নির্ভীক