মোঃ এনামুল হক, ডেস্ক রিপোর্ট :
জামালপুরের ইসলামপুর পৌরসভার পলবান্ধা ব্যাপারিপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ সোহেল (৫০) ও রাজা (৪০) নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ইসলামপুর থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে ৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ সকাল সাড়ে ১১টার দিকে ইসলামপুর পৌরসভার পলবান্ধা ব্যাপারিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান পিপিএমের নির্দেশনায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন থানার সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) জুনায়েদ হাসান ও সোহেল রানা।
অভিযানকালে সোহেলের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে তার শয়নকক্ষ থেকে অভিনব কায়দায় প্লাস্টিক ও বাদামি রঙের কসটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে সোহেল ও রাজাকে আটক করে পুলিশ।
গ্রেপ্তার সোহেল ইসলামপুর পৌরসভার পলবান্ধা ব্যাপারিপাড়া এলাকার হারজুল ব্যাপারির ছেলে এবং রাজা একই এলাকার রশিদ ব্যাপারির ছেলে বলে জানিয়েছে পুলিশ।
ইসলামপুর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান মিজান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোহেলের বসতবাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তাদের শয়নকক্ষ থেকে কসটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে সোহেল ও রাজাকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ইসলামপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের জামালপুর আদালতে পাঠানো হবে।
ইসলামপুর থানা পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্যসহ যেকোনো ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

একটি মন্তব্য পোস্ট করুন