নিজস্ব প্রতিবেদক
রাজধানীর গুলশানে কিং ফিশার রেস্টুরেন্ট ও বারে অভিযান চালিয়ে বৈধ কাগজপত্রবিহীন বিপুল পরিমাণ মদ ও বিয়ার জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চারটি গোয়েন্দা সংস্থার সমন্বিত দল। অভিযানে ৮২৬ লিটার দেশি-বিদেশি মদ এবং ৪ হাজার ৬৩১টি ক্যানে থাকা প্রায় ১ হাজার ৫৩৩ লিটার বিয়ার জব্দ করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) এনবিআরের তথ্যের ভিত্তিতে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এর আগে রোববার (২৫ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গুলশানের কিং ফিশার রেস্টুরেন্ট লিমিটেডে অভিযান শুরু হয়। প্রায় তিন ঘণ্টা ধরে চলে এ অভিযান।
এনবিআর সূত্রে জানা গেছে, উচ্চ শুল্ক আরোপযোগ্য অ্যালকোহলজাতীয় পণ্য অবৈধ উৎস বা চোরাচালানের মাধ্যমে সংগ্রহ করে শুল্ক ও ভ্যাট ফাঁকি দিয়ে বিক্রি করা হচ্ছে—এমন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের সময় রেস্টুরেন্টের মজুত করা পণ্যের তথ্য, রেজিস্টার ও সংশ্লিষ্ট নথিপত্র যাচাই করা হয়। পাশাপাশি পণ্যগুলোর বৈধ উৎস এবং শুল্ক-কর পরিশোধের তথ্য পরীক্ষা করা হয়। প্রয়োজনীয় বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় বিপুল পরিমাণ মদ ও বিয়ার জব্দ করা হয়।
অভিযানটি জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনায় কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত হয়। এতে অংশ নেয় এনবিআরের চারটি গোয়েন্দা সংস্থা—সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি), কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি), আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট (টিআইআইইউ) এবং মূল্য সংযোজন কর নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (ভিএআইআইডি)। অভিযানে সহযোগিতা করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১)।
এনবিআরের অভিযানের মাধ্যমে কয়েকটি বিষয় খতিয়ে দেখছেন। এর মধ্যে রয়েছে, মজুত করা অ্যালকোহল ও অ্যালকোহলজাতীয় পানীয় বৈধভাবে আমদানি বা সংগ্রহ করা হয়েছে কি না, পণ্য বিক্রির ক্ষেত্রে মূল্য সংযোজন কর (ভ্যাট) পরিশোধ করা হয়েছে কি না এবং বিক্রির আয় আয়কর নথিতে যথাযথভাবে দেখানো হয়েছে কি না। এ ছাড়া সংশ্লিষ্ট আর্থিক লেনদেনে অর্থপাচারের কোনো যোগসূত্র রয়েছে কি না, তা-ও অনুসন্ধানের আওতায় রয়েছে।
অভিযান পরিচালনায় কাস্টমস আইন, ২০২৩, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এবং আয়কর আইন, ২০২৩-এর সংশ্লিষ্ট বিধান অনুসরণ করা হয়েছে বলে এনবিআর জানিয়েছে।
এনবিআর আরও জানিয়েছে, জব্দ করা পণ্যের চূড়ান্ত তালিকা, প্রাথমিক অনুসন্ধানে পাওয়া তথ্য, সম্ভাব্য শুল্ক-কর ফাঁকির পরিমাণ এবং পরবর্তী আইনগত পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত পরে জানানো হবে।
তবে এ ঘটনায় সম্ভাব্য রাজস্ব ফাঁকির আর্থিক পরিমাণ এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে কী ধরনের আইনগত ব্যবস্থা নেওয়া হবে, তা এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত প্রকাশ করা হয়নি। তদন্তের ফলাফলের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

একটি মন্তব্য পোস্ট করুন