প্রগতি বার্তা
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

শ্রমিকদের আপত্তির মধ্যেই ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে এনসিটি চুক্তি।

 

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে সরকারের চুক্তি স্বাক্ষর
 ডেস্ক রিপোর্টঃ শ্রমিক সংগঠনসহ বিভিন্ন পক্ষের তীব্র আপত্তি ও আন্দোলনের মধ্যেই চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব দুবাইভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে দিতে চুক্তি করেছে সরকার।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল ৩টার দিকে ঢাকার আগারগাঁওয়ে ইনভেস্ট বাংলাদেশ অডিটোরিয়ামে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে ১৫ বছরের কনসেশন চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির আওতায় ডিপি ওয়ার্ল্ড এনসিটি এবং এর ওভারফ্লো কনটেইনার ইয়ার্ড (ওসিওয়াই) পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পাবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এবং ডিপি ওয়ার্ল্ডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইসা কাজিমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে গত ১ অক্টোবর অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ১৫ বছরের কনসেশন চুক্তির খসড়ায় অনুমোদন দেয়।

এনসিটি বিদেশি প্রতিষ্ঠানের হাতে দেওয়ার সিদ্ধান্তের শুরু থেকেই আপত্তি জানিয়ে আসছে বন্দর শ্রমিক সংগঠন, বন্দর রক্ষা কমিটি ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন।
চুক্তি স্বাক্ষরের আগের দিন বুধবার (৭ অক্টোবর) চট্টগ্রাম বন্দরের সামনে মশাল মিছিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আন্দোলনকারীরা। তাদের অভিযোগ, দেশের গুরুত্বপূর্ণ এই বন্দর অবকাঠামোর পরিচালনার দায়িত্ব বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দিলে স্থানীয় শ্রমিকদের স্বার্থ ক্ষতিগ্রস্ত হতে পারে এবং দীর্ঘমেয়াদে দেশের আর্থিক ও কৌশলগত স্বার্থে ঝুঁকি তৈরি হতে পারে।
বৃহস্পতিবার চুক্তি স্বাক্ষরের সময় ঢাকার ইনভেস্ট বাংলাদেশ কার্যালয়ের বাইরে কয়েকটি বামপন্থি রাজনৈতিক দল ও সংগঠনও বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করে।
অন্যদিকে, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বন্দর কার্যক্রমে কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি করা হলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এর আগে ৭ অক্টোবর বন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে স্বাভাবিক ও নিরবচ্ছিন্ন বন্দর কার্যক্রম নিশ্চিত করতে জরুরি নোটিশও দেওয়া হয়।

চুক্তি অনুযায়ী এনসিটির মালিকানা ও সামগ্রিক নিয়ন্ত্রণ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কাছেই থাকবে। অর্থাৎ এটি সরাসরি বিক্রি বা মালিকানা হস্তান্তর নয়; ‘ল্যান্ডলর্ড পোর্ট’ মডেলে টার্মিনালের পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পাবে ডিপি ওয়ার্ল্ড।
১৫ বছরের কনসেশন মেয়াদে টার্মিনালের যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ, মেরামত এবং আধুনিকায়নের দায়িত্বও অপারেটরের ওপর থাকবে। মেয়াদ শেষে টার্মিনালটি প্রয়োজনীয় প্রযুক্তি ও কারিগরি সক্ষমতাসহ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কাছে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা রয়েছে।
চুক্তির আওতায় ডিপি ওয়ার্ল্ড প্রায় ১৫ কোটি ডলার বিনিয়োগ করবে বলে সংশ্লিষ্ট তথ্য থেকে জানা গেছে। এই অর্থ টার্মিনাল আধুনিকায়ন, যন্ত্রপাতি উন্নয়ন এবং প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে ব্যয় করা হবে।

সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, আন্তর্জাতিক মানের অপারেটর দিয়ে এনসিটি পরিচালনা করা হলে বন্দরের দক্ষতা বাড়বে, জাহাজের অপেক্ষার সময় ও কনটেইনার পড়ে থাকার সময় কমবে এবং পণ্য খালাসের প্রক্রিয়া আরও দ্রুত হবে।
এ ছাড়া আধুনিক প্রযুক্তি ও স্বয়ংক্রিয় ব্যবস্থাপনার মাধ্যমে কনটেইনার হ্যান্ডলিং বাড়ানো, লজিস্টিকস ব্যয় কমানো এবং স্থানীয় জনবলের দক্ষতা উন্নয়নের সুযোগ তৈরি হবে বলে সরকারের পক্ষ থেকে আশা করা হচ্ছে।
চুক্তির সারসংক্ষেপ অনুযায়ী, বর্তমান শ্রমিকদের চাকরি থেকে ছাঁটাই না করার এবং তাদের বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা অপরিবর্তিত রাখার কথা রয়েছে। স্থানীয় কর্মীদের আধুনিক টার্মিনাল ব্যবস্থাপনা ও প্রযুক্তিতে প্রশিক্ষণের ব্যবস্থাও থাকবে।

২০০৭ সালে নির্মাণ শেষ হওয়া এনসিটি চট্টগ্রাম বন্দরের সবচেয়ে গুরুত্বপূর্ণ কনটেইনার টার্মিনালগুলোর একটি। টার্মিনালটিতে পাঁচটি জেটি এবং চট্টগ্রাম বন্দরের ১৮টি কুইসাইড গ্যান্ট্রি ক্রেনের মধ্যে ১৪টি রয়েছে।
২০২৫ সালে চট্টগ্রাম বন্দরের মোট কনটেইনার হ্যান্ডলিংয়ের প্রায় ৪৪ শতাংশ একাই এনসিটির মাধ্যমে হয়েছে। গত অর্থবছরে টার্মিনালটিতে প্রায় ১৩ লাখ ৮৫ হাজার একক কনটেইনার হ্যান্ডলিং হয়েছে।
এনসিটি নির্মাণ ও পরবর্তী সময়ে বিভিন্ন যন্ত্রপাতি কেনায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের প্রায় ২ হাজার কোটি টাকা ব্যয় হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এনসিটিতে আন্তর্জাতিক অপারেটর নিয়োগের উদ্যোগ নতুন নয়। ২০১৯ সাল থেকে এ বিষয়ে প্রক্রিয়া চলছিল। ২০২৩ সালের মার্চে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি পিপিপি কাঠামোর আওতায় আন্তর্জাতিক বেসরকারি অপারেটর নিয়োগে নীতিগত অনুমোদন দেয়।
পরবর্তী সময়ে ডিপি ওয়ার্ল্ডকে অপারেটর হিসেবে নেওয়ার প্রক্রিয়া এগোলেও শ্রমিকদের আন্দোলন ও বিভিন্ন পক্ষের বিরোধিতায় তা একাধিকবার বাধাগ্রস্ত হয়। শেষ পর্যন্ত নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর আবার আলোচনা শুরু হয় এবং ১ অক্টোবর খসড়া কনসেশন চুক্তি অনুমোদনের পর বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষর হলো।
চুক্তিকে ঘিরে একদিকে সরকারের আধুনিকায়ন ও দক্ষতা বৃদ্ধির প্রত্যাশা, অন্যদিকে শ্রমিক সংগঠন ও বিভিন্ন পক্ষের জাতীয় স্বার্থ, শ্রমিক অধিকার ও রাজস্বসংক্রান্ত আপত্তি—দুই ধরনের অবস্থানই সামনে এসেছে। এখন চুক্তির বাস্তবায়ন এবং এর ফলে বন্দরের কার্যক্রম, শ্রমিকদের কর্মসংস্থান ও সরকারের রাজস্বে কী প্রভাব পড়ে, সেটিই হবে মূল বিষয়।

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন

𝑷𝒓𝒐𝒈𝒂𝒕𝒊𝑩𝒂𝒓𝒕𝒂

প্রগতি বার্তা
সত্যের সন্ধানে নির্ভীক